রবিবার ০৩, মে ২০২৬

রবিবার ০৩, মে ২০২৬ -- : -- --

রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৪:৩৯ পিএম

ফাইল ছবি

রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পরপরই তা বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে পাহাড়ি শহর রাঙামাটি। পদবঞ্চিত ও বিক্ষুব্ধ একাংশের নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়ে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।

দীর্ঘ আট বছর পর আজ সকালে কেন্দ্রীয় ছাত্রদল রাঙামাটি জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করে। তবে কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাখ্যান করে রাজপথে নামেন স্থানীয় ছাত্রদলের একটি অংশ।

বিক্ষোভকারীদের অভিযোগ, যোগ্য, ত্যাগী ও দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা নেতাকর্মীদের বাদ দিয়ে ‘একপাক্ষিক’ ও ‘অগণতান্ত্রিক’ উপায়ে একটি ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে। তারা দাবি করেন, এ কমিটি ছাত্রদলের তৃণমূলের মতামতকে উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়েছে।
বিক্ষোভকারীরা শহরের বনরূপা বিএনপি অফিসের সামনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এতে শহরের প্রধান প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সাধারণ যাত্রী, শিক্ষার্থী ও পর্যটকরা চরম দুর্ভোগে পড়েন।

এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন এবং দ্রুত কমিটি বাতিল করে নতুনভাবে গ্রহণযোগ্য কমিটি ঘোষণার দাবি জানান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে কমিটি পুনর্গঠন না করা হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

Link copied!