আফরিন আক্তার ইতি,বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৪:১৭ পিএম
রবিবার ০৩, মে ২০২৬ -- : -- --
শিক্ষকদের পদোন্নতির দাবিতে টানা শাটডাউনের পর অবশেষে স্বাভাবিক হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। আগামীকাল (৪ মে) থেকে সকল ক্লাস ও পরীক্ষা পুনরায় চালুর ঘোষণা দিয়েছে ববি শিক্ষক সমাজ।
শিক্ষকদের দীর্ঘদিনের পদোন্নতির দাবিকে কেন্দ্র করে গত ২২ এপ্রিল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শাটডাউন কর্মসূচি পালন করে আসছিল শিক্ষক সমাজ। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষা সম্পূর্ণভাবে স্থগিত ছিল, ফলে চরম ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা।
তবে সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা শেষে শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষকরা। এরই প্রেক্ষিতে ববি শিক্ষক সমাজ জানিয়েছে, আগামীকাল ৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা কার্যক্রম যথারীতি চলমান থাকবে।
শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে দ্রুত নতুন রুটিন প্রণয়নের নির্দেশনা দেওয়া হতে পারে বলে জানা গেছে। পাশাপাশি স্থগিত পরীক্ষাগুলো দ্রুত সম্পন্ন করার উদ্যোগও নেওয়া হবে।
এদিকে, দীর্ঘদিন পর স্বাভাবিক কার্যক্রমে ফেরার খবরে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা আশা করছেন, দ্রুত সময়ের মধ্যে একাডেমিক সেশন জট কাটিয়ে স্বাভাবিক ধারায় ফিরে আসবে বিশ্ববিদ্যালয়।
শাটডাউনের কারণে সৃষ্ট স্থবিরতা কাটিয়ে আবারও প্রাণ ফিরে পাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।