প্রকাশিত: ০৩ মে ২০২৬, ১১:৩০ এএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিশ্বব্যাংক ও হিট প্রকল্পের প্রতিনিধি দলের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে ২০২৬) বেলা ১২টায় উপাচার্য দপ্তরে আয়োজিত এ সভায় বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি ও গবেষণা কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।
সভা শুরুর আগে বিশ্বব্যাংক ও হিট প্রকল্পের প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের চলমান তিনটি প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেন।
উপাচার্য প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে প্রকল্পগুলোর সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং গবেষণাভিত্তিক ফলাফল নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন,
"আমি কয়েকটি প্রজেক্টের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছি। আমরা চাই গবেষণামূলক কাজ এবং ভালো ফলাফলের মাধ্যমে প্রজেক্টগুলো শেষ হোক। আমরা চাই, শুধুমাত্র বাহ্যিক অবকাঠামোর মাধ্যমে প্রজেক্টগুলো শেষ না হোক, গবেষণার মাধ্যমে দৃশ্যমান আউটপুট আসুক, যার মাধ্যমে স্ব স্ব বিভাগ তথা পুরো বিশ্ববিদ্যালয় উপকৃত হবে।"
তিনি আরও বলেন,"আমরা প্রজেক্টগুলোর এসপিএম এবং এএসপিএম সদস্যদের নিয়ে বৈঠক করেছি। যাবতীয় বিষয়ে খোঁজখবর নিয়েছি। এছাড়া গবেষণা প্রজেক্টের নিয়ম মেনে কাজ করার আহ্বান জানিয়েছি।"
সভা শেষে উপাচার্য আগত অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং তাদের সম্মাননা স্মারক প্রদান করেন।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট টি.এম. আসাদুজ্জামান, সিনিয়র ইকোনমিস্ট টবি লিনডেন, সিনিয়র কনসালটেন্ট ড. মো. মাহমুদুল হক, হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান, ডেপুটি ডিরেক্টর মো. শহীদুল ইসলাম এবং চবি পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আলতাফ-উল-আলম।
