বৃহস্পতিবার ২৫, জুন ২০২৬

বৃহস্পতিবার ২৫, জুন ২০২৬ -- : -- --

পাঁচ দিন পর জামিনে মুক্তি পেলেন জামায়াত নেতা খিজির আহমদ

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ০৬:৪০ পিএম

সংগৃহীত ছবি

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার সাবেক সভাপতি, দুইবারের মেয়র প্রার্থী এবং জামায়াতে ইসলামীর নেতা খিজির আহমদ গ্রেপ্তারের পাঁচ দিন পর জামিনে মুক্তি পেয়েছেন। ২০১৩ সালের একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তারের পর বুধবার (২৫ জুন) আদালতের আদেশে তিনি কারাগার থেকে মুক্ত হন।

আদালত সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে মৌলভীবাজার অতিরিক্ত দায়রা জজ (তৃতীয়) আদালত খিজির আহমদের জামিন আবেদন শুনানি শেষে মঞ্জুর করেন। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিকেলে তাঁকে মৌলভীবাজার জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি বড়লেখায় জামায়াতে ইসলামী ও কথিত তৌহিদী জনতার একটি মিছিলকে কেন্দ্র করে পুলিশ একটি মামলা দায়ের করে। ওই মামলায় খিজির আহমদসহ অজ্ঞাতনামা ৬৫ জনকে আসামি করা হয়। ২০১৮ সালে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তিনি প্রবাসে থাকায় গ্রেপ্তার এড়াতে সক্ষম হন। পরে গত ১৯ জুন রাতে বড়লেখার হাজিগঞ্জ বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

জামিনে মুক্তির পর মৌলভীবাজার জেলা কারাগারের প্রধান ফটকে তাঁকে স্বাগত জানান জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. ইয়ামীর আলী, সহকারী সেক্রেটারি আলাউদ্দিনসহ জেলা, উপজেলা ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

পরে বড়লেখায় আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত নেতারা দাবি করেন, খিজির আহমদ দীর্ঘদিন ধরে এলাকার মানুষের বিভিন্ন অধিকার আদায়ের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তারা আরও বলেন, অতীতের স্থানীয় সরকার নির্বাচনে তিনি ব্যাপক জনসমর্থন পেলেও কাঙ্ক্ষিত ফলাফল থেকে বঞ্চিত হয়েছেন।

সমাবেশে নেতারা পূর্ববর্তী সরকারের আমলে দায়ের করা রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার এবং দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে হয়রানি বন্ধের দাবি জানান।

এ সময় উপজেলা জামায়াতের সাবেক আমির ও জেলা কর্মপরিষদের সদস্য এমাদুল ইসলাম বলেন, "এক যুগ আগের রাজনৈতিক মামলায় জামায়াত নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে, অথচ বিভিন্ন মামলার আসামি অনেক প্রভাবশালী ব্যক্তি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। বিষয়টি দুঃখজনক।"

Link copied!