রবিবার ০৩, মে ২০২৬

রবিবার ০৩, মে ২০২৬ -- : -- --

আন্তর্জাতিক ইয়ুথ রিসার্চ ক্যাম্পে অংশ নিচ্ছেন দেশের ১৭ তরুণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ মে ২০২৬, ০৯:১৯ পিএম

৭ মে পর্যন্ত চলা এ ক্যাম্পে অংশগ্রহণকারীরা গবেষণা সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা, অভিজ্ঞতা বিনিময় এবং বিভিন্ন আলোচনায় অংশ নেবেন

শ্রীলংকায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ইয়ুথ রিসার্চ ক্যাম্পে অংশ নিতে বাংলাদেশের ১৭ জন তরুণ রওনা হয়েছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ গবেষক, সংবাদকর্মী এবং পেশাজীবীরা এই দলে অন্তর্ভুক্ত রয়েছেন।

শনিবার (২ মে) ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দলটি শ্রীলংকার কলম্বোতে পৌঁছায়। আগামী ৭ মে পর্যন্ত চলা এ ক্যাম্পে অংশগ্রহণকারীরা গবেষণা সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা, অভিজ্ঞতা বিনিময় এবং বিভিন্ন আলোচনায় অংশ নেবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পের অংশ হিসেবে অংশগ্রহণকারীরা কলম্বোস্থ সার্ক কালচারাল সেন্টার এবং বন্দরনায়েকে সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্টাডিজে গবেষণা ও সাংস্কৃতিক সেশনে অংশগ্রহণ করবেন। এছাড়া টোস্টমাস্টারস ইন্টারন্যাশনাল ক্লাবের সঙ্গে একটি বিশেষ সেশনও অনুষ্ঠিত হবে।

এছাড়াও ক্যাম্পে অংশগ্রহণকারীদের জন্য শ্রীলংকার ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র গলে এক দিনের ফিল্ডওয়ার্ক ও ভ্রমণের আয়োজন রাখা হয়েছে। ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কলম্বোস্থ বাংলাদেশ হাইকমিশনে, যেখানে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা উপস্থাপন করবেন এবং সনদপত্র গ্রহণ করবেন।

অংশগ্রহণকারী সদস্যরা হলেন; খন্দকার আলী হোসাইন, সাদিয়া আফরিন, ফাহিম হাসান মাহদী, আহসান উল্লাহ, রাজিউল ইসলাম, জয়িতা ব্যাপারী, শ্রাবনী চৌধুরী, হামিদুল হুদা স্টিভেন, রজত শুভ্র রায়, মাহবুবা আলম মুন্নি, মো. মাহির তাজওয়ার, সুদীপ্ত সরকার গর্ব, ইসতিয়াক আহমদ দিব্য এবং ফৌজিয়া নাহার। ক্যাম্পের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন সাবিতা বিনতে আজাদ শিফা, রুয়ান পি. পেরেরা এবং সাইফুল্লাহ খালেদ। স্থানীয় সমন্বয়ক হিসেবে রয়েছেন পি. এন. কৃষালি এল. নাওয়ারাথ্না এবং আর. বি. কে. পারামি উইজেরাথ্না। ক্যাম্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এস, এম, সাদেক।

এই আয়োজনের উদ্যোগ নিয়েছে দেশের তরুণদের গবেষণামুখী সংগঠন বাংলাদেশ গবেষণা সংসদ। সহযোগী আয়োজক হিসেবে রয়েছে হেল্প দ্য ফিউচার, ভিলেজ এম্পাওয়ারমেন্ট, রান গ্লোবালি, গ্লোবাল ইনস্টিটিউট ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং হেটম্যান ট্রাভেল।

এ বিষয়ে ক্যাম্প মেন্টর সাবিতা বিনতে আজাদ শিফা বলেন, 'আয়োজন চ্যলিঞ্জিং তবে অত্যন্ত সম্মানজনক। সপ্তাহ ব্যাপি এই আয়োজনে শ্রীলঙ্কার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এই তরুণ গ্রুপ আমন্ত্রিত হয়েছে। উন্মুক্ত বিশ্ব পরিসরে তরুণদের প্রেজেন্টেশন, নিজেদের বিশ্ব মঞ্চের স্টেন্ডার্ডে নিজেদের প্রস্তুতি, বহু তরুণের বিদেশ ভ্রমণের প্রথম স্বপ্নের সারথী হওয়া এ আয়োজনে টিম ওয়ার্ক তৈরী করেছে ড্রিম ওয়ার্ক।'

তিনি আরোও বলেন, 'ভ্রমণের মাধ্যমে সফট স্কিলস বিকাশ হয় পরিপূর্ণ ভাবে। মানুষ ভ্রমণে ভাষা ,আচরণ, ক্রস কালচার, টিম ওয়ার্ক শেখে। ভ্রমণ শেখায় কমিউনিকেশন এছাড়া ভ্রমণে মানুষ অর্জন করে চমৎকার নেটোয়ার্কিং।'

প্রসঙ্গত, আন্তর্জাতিক ইয়ুথ রিসার্চ ক্যাম্পটি দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে। এর আগে গত বছরের মে মাসে নেপালে এর প্রথম আয়োজন অনুষ্ঠিত হয়। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে এই আয়োজন সম্প্রসারণ করা হবে।

Link copied!