রবিবার ০৩, মে ২০২৬

রবিবার ০৩, মে ২০২৬ -- : -- --

রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০১ মে ২০২৬, ১২:৫৮ পিএম

ছবি: ক্যাম্পাস রিপোর্ট

গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও পরিনির্বাণ এই ত্রি-স্মৃতি বিজড়িত পবিত্র বৈশাখী পূর্ণিমা (বুদ্ধ পূর্ণিমা) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করেছেন রাঙামাটির বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

বৈশাখী পূর্ণিমা উপলক্ষে জেলার বিভিন্ন বৌদ্ধ মন্দির ও বিহারে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়। সকাল থেকেই শহরের বিভিন্ন বৌদ্ধ বিহারে ভক্ত ও অনুসারীদের ভিড় লক্ষ্য করা যায়। ধর্মপ্রাণ মানুষজন ফুল, প্রদীপ ও নানা উপকরণ নিয়ে মন্দিরে উপস্থিত হন।
দিবসটি উপলক্ষে প্রতিটি মন্দিরে কেক কাটা, প্রদীপ প্রজ্জ্বলন এবং ফুলের থালায় মন্দির সাজানোর মধ্য দিয়ে মহামতি গৌতম বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ভক্তরা বুদ্ধের আরাধনায় মগ্ন হয়ে পড়েন।

বিহারে বিহারে পঞ্চশীল প্রার্থনা, সংঘ দান, অষ্ট-পরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, মঙ্গলসূত্র পাঠসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালিত হয়। এছাড়াও সকল প্রাণীর কল্যাণ কামনায় হাজার প্রদীপ দান, পূজা, পঞ্চশীল গ্রহণ এবং নানাবিধ দানানুষ্ঠান সম্পন্ন করা হয়।
সমবেত প্রার্থনায় অংশ নিয়ে পুণ্যার্থীরা সকল প্রাণীর সুখ-শান্তি, অহিংসা, মৈত্রী ও সৌহার্দ্য প্রতিষ্ঠার জন্য দেশ ও বিশ্ববাসীর কল্যাণ কামনা করেন।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে, বুদ্ধ পূর্ণিমা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানবতা, শান্তি ও সহমর্মিতার বার্তা বহনকারী একটি পবিত্র দিন।

Link copied!