রবিবার ০৩, মে ২০২৬

রবিবার ০৩, মে ২০২৬ -- : -- --

পানিতে তলিয়ে যাওয়া ধান দেখে জমিতেই কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০২:০৮ এএম

গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে

টানা কয়েক দিনের বৃষ্টিতে হাওরের ধান পানিতে তলিয়ে যাওয়ার শোক সইতে না পেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) সকালে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত আহাদ মিয়া (৫৫) ওই গ্রামের বাসিন্দা। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন শ্রমিক নিয়ে নিজের প্রায় ছয় বিঘা জমির ধান কাটতে যান আহাদ মিয়া। কিন্তু মাঠে গিয়ে দেখেন, টানা বৃষ্টির পানিতে পুরো ক্ষেত তলিয়ে গেছে। ব্রি-২৯ জাতের ধান সম্পূর্ণ পানির নিচে চলে যাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধানক্ষেতের এমন অবস্থা দেখে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। তিনি বলেন, ‘কৃষকের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। আমরা পরিবারের খোঁজখবর নিচ্ছি।’

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

মৃতের বড় ভাই ও স্থানীয় ইউপি সদস্য আহম্মদ হোসেন জানান, ফসল নষ্ট হয়ে যাওয়ার দৃশ্য দেখে আহাদ মিয়া মানসিকভাবে ভেঙে পড়েন এবং পরে স্ট্রোক করে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় কৃষক দুধ মিয়া বলেন, একই পরিস্থিতিতে আরও কয়েকজন কৃষক অসুস্থ হয়ে পড়েছেন এবং তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবারের সদস্যরা জানান, প্রায় ৫০ হাজার টাকা ঋণ করে ছয় বিঘা জমিতে ধান আবাদ করেছিলেন আহাদ মিয়া। ফসল নষ্ট হয়ে যাওয়ার শোক তিনি সহ্য করতে পারেননি।

পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। দুপুরে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Link copied!