প্রকাশিত: ০২ মে ২০২৬, ০৯:০৫ পিএম
রাঙামাটির বরকল উপজেলায় অভিযান চালিয়ে ২৯ ঘনফুট অবৈধ সেগুন গোলকাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ১৭ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শুক্রবার (১ মে) ছোট হরিণা জোনের আওতাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করে ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)। ব্যাটালিয়ন সদর থেকে পরিচালিত টহলদল বাজার চেকপোস্টের সামনে ভাসমান একটি নৌকায় তল্লাশি চালিয়ে এসব অবৈধ সেগুন গোলকাঠ উদ্ধার করে।
বিজিবি সূত্র জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে সন্দেহজনক নৌকাটিতে তল্লাশি চালানো হলে কাঠগুলো জব্দ করা হয়। এ সময় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
১২ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। নিরাপত্তা জোরদার, অবৈধ কার্যক্রম দমন এবং বনজ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সংশ্লিষ্টদের মতে, বিজিবির ধারাবাহিক অভিযানের ফলে সীমান্ত এলাকায় চোরাচালান কার্যক্রম অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে।
