রবিবার ০৩, মে ২০২৬

রবিবার ০৩, মে ২০২৬ -- : -- --

কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০২ মে ২০২৬, ০৯:০০ পিএম

কৃষকের মর্যাদা ও উন্নয়নে বক্তব্য রাখছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

দেশের অর্থনৈতিক অগ্রগতির মূল চালিকাশক্তি হিসেবে কৃষকদের মর্যাদা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেছেন, কৃষির উন্নয়ন ও কৃষকের সম্মান নিশ্চিত করা গেলে বাংলাদেশ আরও স্বনির্ভর ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে।

শনিবার (২ মে) দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তিনি নিজেও কৃষকের সন্তান এবং কৃষির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। অতীতে অনেকেই কৃষকের পরিচয় দিতে সংকোচ বোধ করলেও বর্তমানে সেই প্রবণতা বদলেছে। এখন মানুষ গর্বের সঙ্গে নিজেদের কৃষকের সন্তান হিসেবে পরিচয় দিচ্ছে, যা দেশের অগ্রগতির ইতিবাচক ইঙ্গিত বহন করে।

তিনি আরও বলেন, যুক্তি ও বুদ্ধির মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করার দক্ষতাই একজন মানুষের প্রকৃত শক্তি। সুস্থ বিতর্কচর্চা এ দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তায় অভ্যস্ত হওয়ার আহ্বান জানান তিনি।

মন্ত্রী অতীতের শাসনব্যবস্থার প্রসঙ্গ তুলে ধরে বলেন, একসময় রাজতান্ত্রিক শাসনে সাধারণ মানুষের মতপ্রকাশের সুযোগ সীমিত ছিল। বর্তমানে বিশ্বে নানা ধরনের শাসনব্যবস্থা বিদ্যমান থাকলেও ক্ষমতাধর রাষ্ট্রগুলোর উদ্দেশ্য সবসময় স্পষ্ট নয়। তারা কখনো সম্পদ, কখনো প্রভাব বিস্তারের মাধ্যমে অন্য দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করতে পারে।

তিনি বলেন, এ পরিস্থিতিতে শক্তির পরিবর্তে জ্ঞান, যুক্তি ও কৌশলই হতে পারে সবচেয়ে কার্যকর হাতিয়ার। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও উন্নত বিশ্ব গড়ে তুলতে বর্তমান প্রজন্মকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

কৃষকদের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড নিয়ে সমালোচনা থাকলেও এগুলোর মাধ্যমে কৃষিপণ্যের চাহিদা ও যোগানের সঠিক তথ্য পাওয়া সম্ভব। ফলে পরিকল্পিত উৎপাদনের মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্য পেতে পারেন এবং ক্ষতির ঝুঁকি কমে আসে।

তিনি আশা প্রকাশ করেন, প্রযুক্তিনির্ভর ও পরিকল্পিত কৃষি ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যতে খাদ্য নিরাপত্তায় আরও শক্তিশালী অবস্থান অর্জন করবে।

ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মজিদ এবং শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ূম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-সমাজকল্যাণ সম্পাদক ও কুমিল্লা মডার্ন হাই স্কুলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার, কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়সহ অন্যান্যরা।

“সত্যকে চিনে নাও যুক্তির নিরিখে” প্রতিপাদ্যে কলেজ বিতর্ক পরিষদ (ভিসিডিএস) এ প্রতিযোগিতার আয়োজন করে।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, ছাত্রসংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে বিজয়ী ও রানারআপ দল এবং সেরা বক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Link copied!