প্রকাশিত: ০২ মে ২০২৬, ০৯:১৫ পিএম
রাঙামাটির বরকল উপজেলার হরিণা বাজারের ব্যবসায়ী মোঃ মোজাম্মেল হক তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো চাঁদা দাবির অভিযোগ ও বিভিন্ন অপপ্রচারকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
শনিবার (২ মে) সকালে রাঙামাটি শহরের বনরুপাস্থ ক্যাফে লিংক হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ দাবি জানান।
লিখিত বক্তব্যে মোজাম্মেল হক বলেন, তিনি দীর্ঘ ২৫ বছর ধরে হরিণা বাজারে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন এবং তার বিরুদ্ধে অতীতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ওঠেনি।
তিনি অভিযোগ করেন, স্থানীয় দুই ব্যক্তি—রবিউল ইসলাম ও নূর হোসেন—তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা, কাল্পনিক ও মানহানিকর তথ্য প্রচার শুরু করেন।
মোজাম্মেল হক বলেন, তাকে ‘চোরাকারবারি’ ও ‘অবৈধ পণ্য পরিবহনকারী’ হিসেবে আখ্যায়িত করে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা তার ব্যক্তিগত ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়েও বিভ্রান্তি তৈরির অপচেষ্টা।
তিনি আরও জানান, এ ঘটনায় তিনি ইতোমধ্যে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন (পিটিশন নং-১৩৯/২০২৬) এবং আদালত বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি সত্যের ওপর আস্থা রাখি। আমি চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আসুক। একই সঙ্গে আমার ও আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।”
এ সময় তার প্রতি সংহতি প্রকাশ করেন স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও হরিণা বাজার ব্যবসায়ী সমিতির নেতারা। উপস্থিত ছিলেন বরকল উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিক সওদাগর, ছাত্রনেতা নাইমুর রহমানসহ আরও অনেকে।
উপস্থিত নেতারা বলেন, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে এভাবে হয়রানি করা হলে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ে। তারা দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলন শেষে মোজাম্মেল হক সাংবাদিকদের প্রতি বস্তুনিষ্ঠ ও সত্যনির্ভর সংবাদ প্রকাশের আহ্বান জানান।
