প্রকাশিত: ০২ মে ২০২৬, ০৯:১৯ পিএম
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১ মে ২০২৬) রাতে গোদাগাড়ী থানাধীন কাঁকনহাট বাজার এলাকার কাঁকনহাট খাদ্য গুদামের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মোঃ শরিফুল ইসলাম শরিফ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বালুরটুঙ্গী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল কাঁকনহাট ও আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, খাদ্য গুদামের সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
পরে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আরিফ আলীর নেতৃত্বে রাত পৌনে ১টার দিকে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পালানোর চেষ্টা করলে রাত সোয়া ১টার দিকে তাকে আটক করা হয়। এ সময় তার পকেট থেকে ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
