রবিবার ০৩, মে ২০২৬

রবিবার ০৩, মে ২০২৬ -- : -- --

ইসলামপুরে সেলিম বাবু হত্যা: খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পিএম

হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নে হাইস চালক ও তিন সন্তানের জনক ফয়লাল মোহাম্মদ সেলিম বাবুর হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে এলাকাবাসী ও স্বজনরা এ কর্মসূচি পালন করেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৫টায় ইসলামপুর নতুন অফিস বাজার মহাসড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, নিহতের পরিবার এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন শ্রমিক নেতা সেলিম আকবর, এডভোকেট মো. তারেক, জামায়াত নেতা মো. সাহাব উদ্দিন, ঈদগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন, সাবেক ইউপি সদস্য নুরুল আজিম, দেলোয়ার হোসেন, ইউসুফ নবী, মাস্টার আবু তাহের, নিহতের চাচা মাস্টার মোস্তাক আহমদসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা এখনো এলাকায় প্রভাব বিস্তার করে ঘুরে বেড়াচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তারা। একই সঙ্গে নিহতের পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ তুলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।

জানা যায়, গত ১৬ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার মধ্যম নাপিতখালী এলাকার বাসিন্দা সেলিম বাবুকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে মাছ চুরির অভিযোগে তাকে চিংড়ি ঘেরে নিয়ে গিয়ে কয়েক দফা নির্মম নির্যাতন চালানো হয়।

অভিযোগ রয়েছে, এ সময় তার স্ত্রীর কাছে দুই লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে না পারায় জোরপূর্বক খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ১৯ এপ্রিল তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

দীর্ঘ ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ২৮ এপ্রিল বিকেলে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় ২৬ এপ্রিল নিহতের মা দিলদার বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, মামলা রেকর্ড করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Link copied!