শুক্রবার ০১, মে ২০২৬

শুক্রবার ০১, মে ২০২৬ -- : -- --

বাউবির গাড়ি চালকের অবসরোত্তর বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১ মে ২০২৬, ০৭:৪১ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) গাড়ি চালক মোঃ আলী হোসেনের অবসরোত্তর বিদায় সংবর্ধনা আজ বিকেল ৩:০০টায় উপাচার্যের দপ্তরের কনফারেন্স রুমে মর্যাদাপূর্ণ ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, আগামীকাল মহান মে দিবস—শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও অবদানের স্বীকৃতির এক ঐতিহাসিক দিন। এই তাৎপর্যপূর্ণ দিবসের প্রাক্কালে আলী হোসেনের মতো একজন নিবেদিতপ্রাণ কর্মীকে সম্মানজনক বিদায় জানাতে পেরে তিনি গভীর সন্তোষ প্রকাশ করেন।

উপাচার্য আরো বলেন, মোঃ আলী হোসেন ১৯৯৫ সালে যোগদানের পর থেকে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর একাগ্রতা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা সহকর্মীদের কাছে তাঁকে অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটি সম্প্রসারিত পরিবারের মতো, যেখানে পারস্পরিক সহযোগিতা, মানবিকতা ও পেশাগত মূল্যবোধের সমন্বয়ে সবাই কাজ করেন—আলী হোসেনের কর্মজীবন তারই উজ্জ্বল প্রতিফলন"।

তিনি বলেন, "দীর্ঘ কর্মজীবন সফলতার সঙ্গে সম্পন্ন করে সম্মানের সাথে অবসর গ্রহণ নিঃসন্দেহে গৌরবের বিষয়। আলী হোসেনের অবদান বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত এবং তাঁর বিদায় কেবল একজন কর্মীর প্রস্থান নয়, বরং একটি স্মরণীয় অধ্যায়ের সমাপ্তি। তবে তাঁর কর্মনিষ্ঠা ও অবদান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে দীর্ঘদিন অম্লান হয়ে থাকবে।

উপাচার্য আলী হোসেনের পরিবারের সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, একজন কর্মীর সাফল্যের পেছনে পরিবারের নীরব সমর্থন অপরিহার্য। তিনি মহান আল্লাহ্‌র নিকট আলী হোসেনের সুস্বাস্থ্য, শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ অবসর জীবন এবং তাঁর পরিবারের সার্বিক কল্যাণ, সুখ-সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন"।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস। তিনি বলেন, আলী হোসেন দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা, শৃঙ্খলা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানের আস্থা অর্জন করেছেন। তাঁর অবদানকে সম্মান জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে বিদায় সংবর্ধনার আয়োজন করেছে, তা একটি অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি আশা প্রকাশ করেন, অবসরোত্তর জীবনেও আলী হোসেন সুস্থতা ও প্রশান্তির মধ্য দিয়ে সময় কাটাবেন এবং প্রতিষ্ঠানের কল্যাণে দোয়া করবেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী আলী হোসেন স্মৃতিময় কর্মজীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি সহকর্মীদের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিজের অবশিষ্ট জীবন ও পরিবারের মঙ্গল কামনায় সকলের দোয়া প্রার্থনা করেন।

এছাড়া বিদায়ী অতিথির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণময় জীবন কামনা করে বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি.এম. আহমেদ হুসেইন, প্রশাসন বিভাগের কাউন্সিল শাখার যুগ্ম-পরিচালক মোহাম্মদ ছালাউদ্দিন ভুঁইয়া, আমন্ত্রিত অতিথি সম্প্রতি অবসরপ্রাপ্ত যুগ্ম-পরিচালক মোঃ মেজবাহ উদ্দিনসহ প্রশাসন বিভাগের অন্যান্য কর্মকর্তা ও গাড়িচালকবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যানবাহন শাখার যুগ্ম-পরিচালক মোঃ হারুন অর রশিদ।অনুষ্ঠান শেষে বিদায়ী গাড়ি চালক মোঃ আলী হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং তাঁর জীবনের উত্তরোত্তর সুখ-সমৃদ্ধি কামনা করা হয়।

Link copied!