প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পিএম
চীনের ইউনান ইউনিভার্সিটির প্রেসিডেন্ট অধ্যাপক মা ওয়েনহুই বুধবার (২২ এপ্রিল ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে ইউনান বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের সঙ্গে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল কো-অপারেশন অ্যান্ড এক্সচেঞ্জ অফিসের পরিচালক ড. উ ইউন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব হু জিয়ানফেং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিভিশনের উপ-পরিচালক অধ্যাপক ঝাং শিলাই, ইন্টারন্যাশনাল রিলেশনস ইনস্টিটিউটের ভাইস-ডিন ড. লুও ওয়েইওয়েই এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক ড. ইয়াং হুই।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক অধ্যাপক ড. সৈয়দা রোযানা রশীদ এবং চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের প্রধান মি. এম এম আফিকুর রহমান নাহিদ।
পরে ইউনান বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত কনফুসিয়াস ইনস্টিটিউটের বার্ষিক বোর্ড সভায় অংশগ্রহণ করে।
সভায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউট এখন শুধু ভাষা শিক্ষাকেন্দ্র নয়, বরং বাংলাদেশ ও চীনের মধ্যে ভাষা, সংস্কৃতি ও জনগণের পারস্পরিক সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছে।
তিনি আরও বলেন, একাডেমিক ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণ এবং তরুণদের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষার সুযোগ সৃষ্টি করতে ইউনান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় আগ্রহী।
বৈঠকে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং বৃত্তিমূলক শিক্ষা বিষয়ে ডুয়াল ডিগ্রি প্রোগ্রাম চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি ও যৌথ গবেষণা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
বোর্ড সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের বার্ষিক প্রতিবেদন ও বাজেট পর্যালোচনা এবং অনুমোদন করা হয়।
