বুধবার ২২, এপ্রিল ২০২৬

বুধবার ২২, এপ্রিল ২০২৬ -- : -- --

খুবিতে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা

খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১১:৫৭ এএম

ছবি । ক্যাম্পাস রিপোর্ট

খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে পরিচালিত ‘মর্ফো-মলিকিউলার এন্ড স্মার্ট টেকনোলজি-বেইজড ইনসেক্ট এন্ড ডিজিজ ডিটেকশন, দেয়ার বায়োলজিক্যাল ম্যানেজমেন্ট এন্ড ট্রান্সফরমেশন’ শীর্ষক হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

উপাচার্য বলেন, কৃষিখাতে টেকসই উন্নয়নের জন্য গবেষণা ও প্রযুক্তির সমন্বয় অপরিহার্য। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ক্ষতিকর পোকামাকড় ও রোগ দ্রুত শনাক্ত করা গেলে কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব কৃষিতে পড়ছে, ফলে পোকামাকড়ের বিস্তার বাড়ছে। এ সমস্যার দেশীয় (ইন্ডিজেনাস) সমাধান বের করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বলেন, দেশে কৃষি ও মৎস্যখাতে গবেষণার মাধ্যমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে উৎপাদনের পাশাপাশি রোগের প্রকোপও বাড়ছে। তাই আধুনিক কৃষি পদ্ধতির সঙ্গে অভিযোজিত হয়ে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী বলেন, কৃষিক্ষেত্রে টেকসই উন্নয়ন গবেষণার মাধ্যমেই সম্ভব। অতিরিক্ত উৎপাদনের আশায় রাসায়নিকের ব্যবহার বাড়ছে, যা মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই প্রকল্প কৃষিতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্যে সাব-প্রকল্পের পরিচিতি তুলে ধরেন এএসপিএম প্রফেসর ড. শিমুল দাস। টেকনিক্যাল সেশনে প্রকল্পের লক্ষ্য, পদ্ধতি, কার্যক্রম, আর্থিক পরিকল্পনা ও প্রত্যাশিত ফলাফল উপস্থাপন করেন এসপিএম ড. মোঃ মোস্তফা কামাল।

উদ্বোধনী পর্ব শেষে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে প্রকল্প বাস্তবায়নের কৌশল ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।

হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) সাব-প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, কৃষক ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Link copied!