প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১১:৪৫ এএম
বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা এবং ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে একদিন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (২২ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৭৭তম বিশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সরকারের নির্দেশনা অনুসরণ করে এ বিষয়ে আলোচনা করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনার প্রেক্ষিতে এ সভা আহ্বান করা হয়।
সভায় ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের এ সময়ে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার সাশ্রয়ী করতে সবাইকে সচেতন হতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম যেন বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরও বলেন, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে একাডেমিক কার্যক্রম সচল রাখবেন।
সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়, আগামী সপ্তাহ থেকে প্রতি বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম অনলাইনে পরিচালিত হবে।
এ সময় ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বিশ্ববিদ্যালয়ের পরিবহন খাতে জ্বালানি ব্যবহারের তথ্য উপস্থাপন করেন। তিনি প্রস্তাব করে বলেন, "অন্তত একদিন পরিবহন কার্যক্রম বন্ধ রাখা গেলে জ্বালানি ব্যয়ে উল্লেখযোগ্য সাশ্রয় সম্ভব হবে।"
সভায় বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী মনোভাব গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
