বুধবার ২২, এপ্রিল ২০২৬

বুধবার ২২, এপ্রিল ২০২৬ -- : -- --

চট্টগ্রাম সিটি কলেজ সংঘর্ষের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

ঢাবি থেকে আরিফ জাওয়াদ

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০১:১৩ এএম

ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষের ঘটনার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে টিএসসির পায়রা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ভিসি চত্বর, মল চত্বর, সূর্যসেন হল, কলাভবন, মধুর ক্যান্টিন ও কেন্দ্রীয় মসজিদ প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল—“শিক্ষা ও সন্ত্রাস একসাথে চলে না,শিবিরের সন্ত্রাস, ভেঙে দাও গুড়িয়ে দাও,“গুপ্ত রাজনীতির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না,রগকাঁটার রাজনীতি চলবে না, চলবে না” ইত্যাদি।

সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, "দেয়াল লিখনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্রশিবিরের বিরুদ্ধে কোন বাক্য লিখেও থাকে তাহলে তারা পাল্টা একটি দেয়াল লিখন লিখতে পারত। কিন্তু তারা একটি দেয়াল লিখনের প্রতিবাদে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীর উপর তারা হামলা চালিয়েছে চট্টগ্রাম সিটি কলেজে।

তিনি বলেন, চট্টগ্রামের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে তাদের সাংগঠনিক অবস্থা তুলনামূলক একটু ভালো থাকায় সেখানে দখলদারিত্বের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি এবং ক্যাডারের রাজনীতি সেটি চলমান রেখেছে।

তিনি আরও বলেন, সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে আমরা কবর রচনা করব। যদি এরকম আরেকটি হামলার নজির বাংলাদেশের কোন ক্যাম্পাসে আপনারা পুনরাবৃত্তি করতে চান তাহলে ছাত্রদলের একজন নেতাকর্মীও ক্যাম্পাসে আপনাদেরকে স্বাভাবিকভাবে চলতে দিবে না। একবার আমরা আপনাদেরকে গুপ্ত বলেছি সেজন্য আপনাদের গায়ে যদি এতো জ্বালা ওঠে। প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব।

সমাবেশে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, শিবির সবসময় যেকোনো বিষয়ে নেগেটিভ ন্যারেটিভ তৈরি করে বাংলাদেশের ক্যাম্পাস পরিস্থিতিকে উশৃঙ্খল করতে চায়, অস্থিতিশীল করতে চায়। কিন্তু তাদের আমি বলতে চাই—এটা অন্তর্বর্তীকালীন সরকার না , এটা বাংলাদেশের ৩১ দফা কর্মসূচি প্রণয়নকারী তারেক রহমানের সরকার। আমরা যদি কোন ষড়যন্ত্রের দ্বার উন্মোচিত দেখি, তাহলে ছাত্রদল মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবে না।

সাহস আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলে ছাত্রদলের কোনো নেতা কর্মী এবং সমর্থকদের দ্বারা গেস্ট রুম গণরুমের কালচারের কোন সম্পৃক্ততা পেয়ে থাকেন তাহলে আমাদের জানাবেন। আমি নিজে তাদের বিরুদ্ধে মামলা করব।

বিক্ষোভ মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও অংশ নেন। সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার একাধিক নেতা।

Link copied!