বুধবার ২২, এপ্রিল ২০২৬

বুধবার ২২, এপ্রিল ২০২৬ -- : -- --

বাউবি প্রতিনিধি দল ইউজিসিতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১১:০৫ এএম

ছবি । ক্যাম্পাস রিপোর্ট

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) দুপুরে ইউজিসি কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে বাউবির উপাচার্য চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

তিনি জানান, গাজীপুরস্থ মূল ক্যাম্পাসে বাউবির ৭টি স্কুল, ১১টি প্রশাসনিক বিভাগসহ আইকিউএসি, আইসিটি ও ই-লার্নিং ইউনিট কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া সারাদেশে ১২টি আঞ্চলিক ও ৮০টি উপ-আঞ্চলিক কেন্দ্রের অধীনে ১,৪৫২টি স্টাডি সেন্টারের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বর্তমানে বাউবিতে ৫২টি আনুষ্ঠানিক (ফরমাল) প্রোগ্রামে তিন লক্ষাধিক শিক্ষার্থী অধ্যয়নরত এবং ১৯টি নন-ফরমাল প্রোগ্রাম চালু রয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে ঝরে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনা হচ্ছে। শিক্ষার্থীরা সরাসরি বা অনলাইনের মাধ্যমে পাঠগ্রহণের সুযোগ পাচ্ছেন এবং পাঠ্যবই বিনামূল্যে সরবরাহ করা হয়।

উপাচার্য আরও জানান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, কাতার, দুবাই, ওমান ও ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য বাউবির স্টাডি সেন্টার চালু রয়েছে, যার ফলে কর্মজীবী প্রবাসীরা সহজেই উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছেন।

তিনি বাউবির লক্ষ্য হিসেবে অবহেলিত জনগোষ্ঠীকে উৎপাদনমুখী শিক্ষা প্রদান, স্বাবলম্বী করে গড়ে তোলা এবং যুগোপযোগী মানসম্মত শিক্ষাব্যবস্থা বাস্তবায়নের বিষয়টি তুলে ধরেন।

এ সময় হিট প্রকল্পের আওতায় ইউজিসির তত্ত্বাবধানে বিশ্বব্যাংকের অর্থায়নে শিক্ষকদের জন্য চার মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের অগ্রগতিও তুলে ধরা হয়। ইতোমধ্যে দুটি ব্যাচ সফলভাবে সম্পন্ন হয়েছে এবং পরবর্তী ব্যাচ শিগগিরই শুরু হবে।

সাক্ষাৎকালে উভয় পক্ষ উচ্চশিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বাউবির কার্যক্রমের প্রশংসা করে দেশের অদক্ষ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এ সময় বাউবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি.এম আহমেদ হুসেইন এবং আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান উপস্থিত ছিলেন।

Link copied!