মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬

মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬ -- : -- --

ইউআইইউতে হার্ভার্ড হেলথ সিস্টেমস ইনোভেশন হ্যাকাথন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫২ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইনস্টিটিউট অফ রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন (আইরিক) এবং হার্ভার্ড টি.এইচ. চ্যান স্কুল অফ পাবলিক হেলথের হেলথ সিস্টেমস ইনোভেশন ল্যাব (HSIL)-এর যৌথ সহযোগিতায় দুইদিনব্যাপী “হার্ভার্ড হেলথ সিস্টেমস ইনোভেশন ল্যাব হ্যাকাথন ২০২৬” বাংলাদেশ রাউন্ডের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশে একমাত্র আঞ্চলিক কেন্দ্র ঢাকা হাব হিসেবে ইউআইইউ টানা দ্বিতীয়বারের মতো এই বৈশ্বিক মর্যাদাপূর্ণ হ্যাকাথন আয়োজন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) চেয়ারম্যান অধ্যাপক ড. সায়েবা আক্তার এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) পরিচালক (প্রশাসন) অধ্যাপক ড. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউআইইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া।

বৈশ্বিক অংশগ্রহণ ও প্রতিযোগিতা

এ বছরের হ্যাকাথনের মূল প্রতিপাদ্য ছিল “কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে উচ্চ-মূল্যের স্বাস্থ্য ব্যবস্থা তৈরি”। এতে ৪৬টি দেশের ৫০টিরও বেশি গ্লোবাল হাবের মাধ্যমে ১৪ হাজারের বেশি অংশগ্রহণকারী যুক্ত ছিলেন।

ঢাকা হাবে সারাদেশ থেকে ৬৫০টিরও বেশি আবেদন জমা পড়ে। কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ২২টি দল এবং চারজন স্বতন্ত্র উদ্ভাবক অংশগ্রহণের সুযোগ পান। এর মধ্যে ১৭টি দল ফাইনালে পৌঁছে।

বিজয়ী দলসমূহ

বাংলাদেশ রাউন্ডে যৌথভাবে দুইটি দল বিজয়ী ঘোষণা করা হয়।টিম ম্যাভেরিক (UIU ও MIST): শিশুদের ডিসলেক্সিয়া প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ ও সহায়তার জন্য এআই-চালিত ইন্টারেক্টিভ লার্নিং প্ল্যাটফর্ম উদ্ভাবন করে। এটি শিক্ষার্থীর দক্ষতা অনুযায়ী শেখার ব্যবস্থা এবং পারফরম্যান্স অ্যানালিটিক্স প্রদান করে।

শিগেলা এআই ডায়াগনস্টিকস বাংলাদেশ (icddr,b): সীমিত সম্পদযুক্ত পরিবেশে শিগেলা-জনিত ডায়রিয়া শনাক্তকরণ ও ব্যবস্থাপনায় এআই-ভিত্তিক ক্লিনিক্যাল ডিসিশন সাপোর্ট টুল উদ্ভাবন করে, যা রোগ নির্ণয়ে ঝুঁকি স্কোর নির্ধারণে সহায়তা করে।

বিজয়ী দলগুলো নগদ পুরস্কার, সার্টিফিকেশন, HSIL গ্লোবাল বুটক্যাম্পে অংশগ্রহণ এবং আন্তর্জাতিক ইনকিউবেশন প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ পাবে।

জুরি ও অংশীদার

জুরি প্যানেলে ছিলেন দেশের খ্যাতনামা স্বাস্থ্য ও গবেষণা বিশেষজ্ঞরা। এ ছাড়া প্রাইম ব্যাংক, ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড, সুইডেন দূতাবাস, সিএমইডি হেলথ, ইস্পাহানি মির্জাপুর টি এবং বিভিন্ন মিডিয়া পার্টনার আয়োজনে সহযোগিতা করে।

অনুষ্ঠানে শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

Link copied!