প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পিএম
জুলাই সনদ অনুযায়ী সংস্কার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—১৮ এপ্রিল রাজধানী ঢাকায় ১১ দলের উদ্যোগে গণমিছিল, ২৫ এপ্রিল ঢাকা ছাড়া অন্যান্য বিভাগীয় শহরে গণমিছিল এবং ২ মে জেলা শহরগুলোতে গণমিছিল। এছাড়া ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত বিভাগীয় ও গুরুত্বপূর্ণ জেলা শহরে লিফলেট বিতরণ এবং সেমিনারের আয়োজন করা হবে।
এর আগে বেলা ১১টায় আল ফালাহ মিলনায়তনে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখানে গৃহীত সিদ্ধান্তগুলো পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান। বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, অলি আহমদ, মামুনুল হক, আসাদুজ্জামান ফুয়াদ, মোস্তাফিজুর রহমান, রাশেদ প্রধান, আনোয়ারুল ইসলাম এবং মুসা বিন ইযহারসহ অন্যান্য নেতারা।
সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, এই ধাপের কর্মসূচি শেষে পরবর্তী পর্যায়ে দেশের প্রতিটি সিটি কর্পোরেশন ও বিভাগীয় শহরে বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচির দিনক্ষণ পরবর্তীতে ১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠকে নির্ধারণ করা হবে। এরপর রাজধানীতে একটি বড় সমাবেশের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, “সরকার গণরায় মানছে না। গণভোটের গণরায় বাস্তবায়নই ১১ দলের আন্দোলনের প্রধান লক্ষ্য। জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করা ছাড়া অন্য কোনো উপায় নেই।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জালালুদ্দীন আহমদ, আসাদুজ্জামান ফুয়াদ এবং মুসা বিন ইযহার।
