প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পিএম
টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) বিকেল চারটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণে সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের টুঙ্গিপাড়া উপজেলা সংবাদদাতা মো. আফজাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক যায়যায় দিনের টুঙ্গিপাড়া প্রতিনিধি শওকত হোসেন মুকুল নির্বাচিত হয়েছেন।
ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং পুরো প্রক্রিয়া ছিল সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ। নির্বাচন চলাকালে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার এবং টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতা, পাঁচটি ইউনিয়নের জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
ভোট গণনা শেষে ইউএনও জহিরুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। পরে নির্বাচন কমিশন, প্রিজাইডিং ও রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত ফলাফলে স্বাক্ষর করেন।
নির্বাচনের মাধ্যমে ১৭ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটিও ঘোষণা করা হয়েছে। কমিটির সহসভাপতি পদে ওয়াহিদুজ্জামান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শ্রী সমেস বৈরাগী ও দিলীপ মন্ডল, সাংগঠনিক সম্পাদক পদে হাবিবুল্লাহ খান, কোষাধ্যক্ষ পদে বিএম শামীম, দপ্তর সম্পাদক পদে জাহিদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক পদে হাফিজা বেগম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মহিদুল ইসলাম বাঁধন নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ডা. ফারুক হোসেনসহ অন্যরা।
নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানান উপস্থিত প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
নতুন কমিটি দায়িত্ব গ্রহণের মাধ্যমে প্রেস ক্লাবের কার্যক্রমে নতুন গতি আসবে এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও স্থানীয় গণমাধ্যমের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
