প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০১:২৫ পিএম
উত্তরা ইউনিভার্সিটিতে শেষ হলো সপ্তাহব্যাপী সর্ববৃহৎ আন্তঃবিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা 'ভিসি স্পোর্টস উইক ২০২৬'। বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং মনমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।শিক্ষার্থীদের নেতৃত্ব, সততা ও সুস্বাস্থ্য নিশ্চিতকরণে উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা-র নিরবচ্ছিন্ন প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ টুর্নামেন্টটি তাঁর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স-এর অধীনে স্পোর্টস ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় গত ২৭ জুলাই শুরু হওয়া এই টুর্নামেন্টে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, দাবা, ক্যারম এবং টেবিল টেনিস, এই ছয়টি ক্যাটাগরিতে বিভিন্ন একাডেমিক বিভাগের ৫৪০ জন ছাত্র-ক্রীড়াবিদ প্রতিদ্বন্দ্বিতা করেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সম্মানীয় সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও বিজিত দল এবং সেরাকুশলী খেলোয়াড়দের আনুষ্ঠানিকভাবে সম্মাননা ট্রফি, পদক এবং সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথি ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উত্তরা ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা তাঁর বক্তব্যে বলেন:
"খেলাধুলা কেবল মাঠের জয়-পরাজয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি আমাদের শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা, নেতৃত্ব, সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলে। আজকের এই আয়োজনে প্রতিটি শিক্ষার্থীর অংশ নেওয়া এবং সততার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মনোভাবই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।"
পুরস্কার বিতরণী পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথমার্ধে উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত গান পুরো পরিবেশকে মুখরিত করে তোলে। সাংস্কৃতিক সন্ধ্যার মূল আকর্ষণ ছিল তরুণদের অত্যন্তপ্রিয় দুই ব্যান্ড ‘এনকোর’এবং ‘ইডেনস গার্ডেন’-এর জাঁকজমকপূর্ণ পরিবেশনা। ব্যান্ড দুটির একের পর এক পরিবেশনা শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের উপস্থিতিকে উৎসবমুখর ও আনন্দময় করে তোলে। শ্রেনিকক্ষের বাইরে শিক্ষার্থীদের সার্বিক বিকাশে সাহায্য করতে উত্তরা ইউনিভার্সিটি ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও সহ-শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
