প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ১০:২৩ এএম
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের আরও কাছে চলে গেছে বাংলাদেশ। অবিস্মরণীয় এই জয় নিশ্চিত করতে অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৮৪ রানে অলআউট করেছে সফরকারীরা। ফলে ঐতিহাসিক টেস্ট জয়ের জন্য বাংলাদেশের সামনে এখন মাত্র ৫৭ রানের লক্ষ্য।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহকে এই পর্যায়ে নিয়ে আসার পেছনে সবচেয়ে বড় অবদান ক্যামেরন গ্রিনের। দেশের মাটিতে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে দলকে ইনিংস পরাজয়ের লজ্জা থেকে রক্ষা করেন তিনি। ১০৪ রানের ইনিংস খেলা গ্রিনকে ফিরিয়ে দেন হাসান মাহমুদ। এরপর দ্রুতই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। মেহেদী হাসান মিরাজ নিজের পঞ্চম শিকার হিসেবে নাথান লায়নকে আউট করে অস্ট্রেলিয়ার ইনিংসের সমাপ্তি টানেন।
বল হাতে দুর্দান্ত ছিলেন মিরাজ। ৬৬ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন তিনি। হাসান মাহমুদ নিয়েছেন ৫৬ রানে ৩টি উইকেট। এছাড়া একটি উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ।
