শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬

শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ -- : -- --

জ্বালানি সংকটে বার কাউন্সিল নির্বাচন স্থগিত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পিএম

বাংলাদেশ বার কাউন্সিল

দেশব্যাপী তীব্র জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশ বার কাউন্সিলের নির্ধারিত নির্বাচন স্থগিত করা হয়েছে। ফলে আগামী ১৯ মে অনুষ্ঠিতব্য ভোটগ্রহণ আপাতত হচ্ছে না।

বুধবার রাতে বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি সংকটের কারণে সারাদেশে নির্বাচনী কার্যক্রম পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে সাধারণ আসনের সাতটি এবং আঞ্চলিক আসনের সাতটি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আইনজীবীদের প্রচারণা কার্যক্রম ব্যাহত হতে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ।

এতে আরও উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, ঢাকা আইনজীবী সমিতি এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ দেশের বিভিন্ন বার সমিতির পক্ষ থেকে নির্বাচন স্থগিতের আবেদন ও অনুরোধ পাওয়া গেছে। এসব আবেদন যথাযথভাবে বিবেচনা করেই নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরবর্তী সময়ে নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Link copied!