মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬

মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬ -- : -- --

শিক্ষকদের নিজ প্রতিষ্ঠানে সন্তান পড়ানোর আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পিএম

ফাইল ফটো

শিক্ষকদের নিজ নিজ প্রতিষ্ঠানে সন্তানদের পড়ানোর আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী উভয়ের আন্তরিক প্রচেষ্টা জরুরি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে বগুড়ার শিবগঞ্জে মহাস্থান শাহ-সুলতান ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী বলেন, নিজের সন্তানদের অন্য প্রতিষ্ঠানে না পাঠিয়ে নিজ প্রতিষ্ঠানে পড়ালে শিক্ষকদের দায়বদ্ধতা ও জবাবদিহিতা আরও বাড়বে। পাশাপাশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকার যতই নতুন শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন করুক, শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে পড়াশোনা না করলে এর সুফল পাওয়া সম্ভব নয়।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু ধমক দিয়ে নয়, তাদের পড়াশোনার মানোন্নয়নে শিক্ষকদের কার্যকর ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি শিক্ষামন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রায় ৫০ বছর পর এই প্রথম কোনো মন্ত্রী এ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, যা এ অঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ অর্জন।

এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার এবং অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, একই দিন মহাস্থান শাহ সুলতান আলিম মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি শিবগঞ্জে আরও কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

Link copied!