প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ১০:২৯ পিএম
লায়ন কর্পোরেশন এবং কল্লোল লিমিটেড-এর যৌথ উদ্যোগে গঠিত লায়ন কল্লোল লিমিটেড বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে (বিএসইজেড) একটি অত্যাধুনিক ম্যানুফ্যাকচারিং প্লান্ট চালু করেছে।
বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন-এ ৩.৩ হেক্টর জমির ওপর স্থাপিত এই কারখানাটি বাংলাদেশ এসইজেড লিমিটেড-এর অধীনে প্রয়োজনীয় সব আইন ও বিধি অনুসরণ করে নির্মিত হয়েছে। এখানে ডিশওয়াশিং লিকুইড, টুথব্রাশসহ বিভিন্ন হোম কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য উৎপাদন করা হবে।
জাপানের শিমিজু কর্পোরেশন-এর নকশা ও নির্মাণে গড়ে ওঠা এই প্লান্টে গুণগত মান নিশ্চিতকরণ, নিরাপদ উৎপাদন ব্যবস্থা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে লায়ন কল্লোল লিমিটেডের চেয়ারম্যান গো ইচিতানি বলেন, এই প্লান্ট বাংলাদেশের প্রতি তাদের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির প্রতিফলন। এর মাধ্যমে দুই দেশের মধ্যে শক্তিশালী সরবরাহ ব্যবস্থা গড়ে উঠবে এবং উন্নত মানের পণ্য বাজারে সরবরাহ বাড়বে।
কল্লোল গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক ও যৌথ অংশীদার গোলাম মোস্তফা বলেন, এই উদ্যোগ নতুন কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় দক্ষ জনবল গড়ে তোলা এবং আন্তর্জাতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে।
ফ্যাক্টরি অপারেশনসের পরিচালক তাকাশি ওচিয়াই জানান, পরিকল্পনা থেকে নির্মাণ পর্যন্ত প্রতিটি ধাপে গুণগত মান নিয়ন্ত্রণ ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যা দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক রপ্তানির সম্ভাবনাও বাড়াবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতিতে প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।
বাংলাদেশের ক্রমবর্ধমান ভোক্তা বাজার ও উৎপাদন খাতের উন্নয়নের প্রেক্ষাপটে এ ধরনের বিদেশি বিনিয়োগ দেশের শিল্পখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ২০২২ সাল থেকে লায়ন কল্লোল লিমিটেড দেশে উন্নতমানের গৃহস্থালি ও পার্সোনাল কেয়ার পণ্য সরবরাহ করে আসছে।
