মঙ্গলবার ০৭, এপ্রিল ২০২৬

মঙ্গলবার ০৭, এপ্রিল ২০২৬ -- : -- --

বিজয়-২৪ হলের উদ্যোগে কুবিতে বৃক্ষরোপণ কর্মসূচি

মংক্যএ মার্মা,কুবি প্রতিনিধি

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৭:২১ পিএম

ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিজয়-২৪ হলের উদ্যোগে নিয়মিত আয়োজনের ধারাবাহিকতায় এবারও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্য নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় অর্ধশতাধিক গাছ রোপণ করা হয়।

সোমবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় হল প্রশাসনের উদ্যোগে কর্মসূচিটির উদ্বোধন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম এবং বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মাহমুদুল হাসান খান।

কর্মসূচির অংশ হিসেবে হল সংলগ্ন এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ গাছ রোপণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতে আবাসিক শিক্ষার্থীদের জন্য মৌসুমি ফলের চাহিদা পূরণে এ উদ্যোগ সহায়ক হবে। পাশাপাশি ক্যাম্পাসে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যও এতে প্রতিফলিত হয়েছে।

আয়োজকরা আরও জানান, জাতীয় পর্যায়ে ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, “বৃক্ষরোপণ সদকায়ে জারিয়ার মতো। গাছ ফল দেয়, গরমে ছায়া দেয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি ইবাদতেরও অন্তর্ভুক্ত। তাই আমরা যে যেখান থেকেই পারি, বৃক্ষরোপণে এগিয়ে আসা উচিত।”

বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মাহমুদুল হাসান খান বলেন, “প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। প্রতিবছর নির্দিষ্ট কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন সময়ে গাছ লাগানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গৃহীত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবেও বিজয়-২৪ হলের এই উদ্যোগ অব্যাহত থাকবে।”

Link copied!