বুধবার ০১, এপ্রিল ২০২৬

বুধবার ০১, এপ্রিল ২০২৬ -- : -- --

বাংলাদেশেই ভিসা সুবিধা বাড়ছে, উচ্চশিক্ষায় বিদেশগামী শিক্ষার্থীদের স্বস্তি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৬:১৪ পিএম

ফাইল ফটো

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিনের একটি বড় বাধা ছিল ভিসা ইন্টারভিউ দিতে পাশের দেশ ভারতে যেতে হওয়া। তবে সময়ের পরিবর্তনে সেই পরিস্থিতিতে এসেছে বড় ধরনের স্বস্তি। বর্তমানে বিশ্বের অধিকাংশ উন্নত দেশ ঢাকাতেই তাদের স্টুডেন্ট ভিসা বা স্টাডি পারমিট প্রক্রিয়া সম্পন্ন করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ ইউরোপের বেশিরভাগ দেশ এখন ঢাকায় অবস্থিত দূতাবাস কিংবা ভিএফএস (VFS) সেন্টারের মাধ্যমে ভিসা আবেদন গ্রহণ করছে। এর ফলে শিক্ষার্থীদের আর দিল্লি বা কলকাতায় গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করার প্রয়োজন পড়ছে না।

পশ্চিমা দেশগুলোর মধ্যে উচ্চশিক্ষার অন্যতম প্রধান গন্তব্য যুক্তরাষ্ট্র সরাসরি ঢাকার মার্কিন দূতাবাসের মাধ্যমে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করছে। একইভাবে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ভিসা আবেদনও ভিএফএস গ্লোবালের মাধ্যমে ঢাকাতেই গ্রহণ করা হচ্ছে, যেখানে বায়োমেট্রিকসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করা সম্ভব।

ইউরোপীয় দেশগুলোর ক্ষেত্রেও একই ধরনের সুবিধা বৃদ্ধি পেয়েছে। জার্মানি, ফ্রান্স ও হাঙ্গেরি ঢাকার দূতাবাস থেকেই ভিসা কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ডেনমার্কের ভিসা আবেদনও বর্তমানে ঢাকাতেই জমা দেওয়া যাচ্ছে।

এশিয়ার দেশগুলোর মধ্যে জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও তুরস্কে উচ্চশিক্ষার জন্য আগ্রহী শিক্ষার্থীরাও এখন ঢাকাতেই তাদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন, কারণ এসব দেশের নিজস্ব দূতাবাস বাংলাদেশে কার্যকর রয়েছে।

শিক্ষার্থীদের জন্য বায়োমেট্রিক সংক্রান্ত প্রক্রিয়াও সহজ করা হয়েছে। অধিকাংশ দেশের ক্ষেত্রে আঙুলের ছাপ বা বায়োমেট্রিক্স ঢাকার ভিএফএস (VFS) সেন্টারেই দেওয়া যায়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রসহ কিছু দেশের ক্ষেত্রে সশরীরে ইন্টারভিউ বাধ্যতামূলক হলেও তা ঢাকায় অবস্থিত দূতাবাসেই নেওয়া হচ্ছে। অনেক দেশ আবার অনলাইন ইন্টারভিউয়ের সুবিধাও চালু করেছে।

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ভিসা নীতিমালা সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ তথ্য যাচাই করে নেওয়া জরুরি।

 
 
Link copied!