মোঃ রিদয় হোসাইন,ডুয়েট প্রতিনিধি
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১২:৪৭ পিএম
বুধবার ০১, এপ্রিল ২০২৬ -- : -- --
ফাইল ফটো
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের ভূমি সম্প্রসারণের লক্ষ্যে স্থানীয় সরকার এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে পৃথক ডিও পত্র প্রদান করা হয়েছে।
গত ৮ মার্চ ২০২৬ তারিখে ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে গাজীপুর সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকায় অবস্থিত প্রায় ৯.৯১ একর জমি বিশ্ববিদ্যালয়ের অনুকূলে বরাদ্দ প্রদানের অনুরোধ জানান।
অন্যদিকে, একই দিনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছেও ডুয়েটের দ্বিতীয় ক্যাম্পাস সংলগ্ন বন বিভাগের আওতাধীন মৌজা এলাকার প্রায় ৩.৭৮ একর জমি দীর্ঘমেয়াদে বরাদ্দ প্রদানের জন্য পৃথক ডিও পত্র প্রদান করা হয়। এ জমিতে পানি ও পরিবেশবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ডুয়েটের গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে প্রায় ৮৬৬.৫৫ কোটি টাকা ব্যয়সম্বলিত একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় অনুমোদন পেয়েছে এবং ইতোমধ্যে এর কার্যক্রম শুরু হয়েছে।
প্রকল্পের আওতায় আন্তর্জাতিক মানের গবেষণা কেন্দ্র স্থাপন, প্রায় ১১ হাজার ৫০৮ বর্গমিটার একাডেমিক ভবন ও ৩৩ হাজার ৫০০ বর্গমিটার গবেষণাগার ভবন নির্মাণ, নতুন শিক্ষার্থীদের আবাসন সুবিধা বৃদ্ধি এবং আধুনিক ক্যাম্পাস অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, বর্তমান ক্যাম্পাসের সীমিত পরিসরের কারণে শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এ প্রেক্ষাপটে ভূমি সম্প্রসারণকে অত্যন্ত জরুরি হিসেবে বিবেচনা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।