বুধবার ০১, এপ্রিল ২০২৬

বুধবার ০১, এপ্রিল ২০২৬ -- : -- --

কুয়েটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

কুয়েট প্রতিনিধি।

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ০৯:৩৬ পিএম

ফাইল ফটো

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। ২৬ মার্চ সকাল ১১টায় ক্যাম্পাসস্থ মুক্তিযুদ্ধের ভাস্কর্য “দুর্বার বাংলা” এর পাদদেশে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও বীর শহিদদের প্রতি কুয়েটের অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, পরিচালক (ছাত্র কল্যাণ) ও সিনিয়র শিক্ষকগণকে সাথে নিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। অতঃপর, শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, ফজলুল হক হল, খানজাহান আলী হল, ড. এম. এ. রশীদ হল, রোকেয়া হল, অমর একুশে হল, শহীদ স্মৃতি হল, কর্মচারী সমিতি ও মাস্টাররোল কর্মচারী সমিতির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

দিবসটি পালন উপলক্ষ্যে সকাল ১১ঃ১৫ ঘটিকায় অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতার পথে এগিয়ে যায় এবং অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীন বাংলাদেশ। তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-কে, যার আহ্বানে জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তিনি আরও বীর শহীদ ও জাতীয় চার নেতা—তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামান-সহ সকল মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানান। এসময় তিনি ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব প্রদান করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।

আলোচনায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ, সায়েন্স এন্ড হিউম্যানেটিস অনুষদের ভারপ্রাপ্ত ডীন প্রফেসর ড. এম. এম. তওহিদ হোসেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এম. এম. এ. হাসেম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ শাহজাহান আলী, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া, কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ রবিউল ইসলাম, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক শেখ হাফিজুর রহমান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক।

এছাড়া, ২৬ মার্চ বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাসভবন এবং বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Link copied!