সানজানা শওকত,বুটেক্স প্রতিনিধি
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ০২:১২ পিএম
সোমবার ০৯, মার্চ ২০২৬ -- : -- --
ফাইল ফটো
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)–এর বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রমের তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় ধাপের ভর্তি শেষ হওয়ার পরও বিপুলসংখ্যক আসন ফাঁকা থাকায় নতুন করে তৃতীয় ধাপে ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বুটেক্সে মোট ৬৩০টি আসনের বিপরীতে প্রথম ও দ্বিতীয় ধাপ মিলিয়ে এখন পর্যন্ত ২০৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। ফলে এখনো ৪২১টি আসন খালি রয়েছে। এই শূন্য আসনগুলো পূরণ করতে তৃতীয় ধাপে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে। তৃতীয় ধাপে মেধাক্রম ১৮০১ থেকে ৩৩০০ পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১০ মার্চ দুই ধাপে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে মেধাক্রম ১৮০১ থেকে ২২২১ পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সকাল ৯টা থেকে ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম দুপুর ১২টার মধ্যে সম্পন্ন করা হবে।
একই দিনে দ্বিতীয় ধাপে মেধাক্রম ২২২২ থেকে ৩৩০০ পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে উপস্থিত হয়ে তাঁদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। প্রথম ধাপের ভর্তি শেষে যদি আসন ফাঁকা থাকে, তবে দ্বিতীয় ধাপের শিক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী ভর্তি সম্পন্ন করা হবে। এ প্রক্রিয়া বেলা ২টা ৩০ মিনিটের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।
ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের আগে থেকেই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে বলা হয়েছে। শিক্ষার্থীদের বিভাগ নির্ধারণী পছন্দক্রম ফর্ম, স্বাস্থ্য পরীক্ষার ফর্ম এবং ভর্তি ফর্ম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। এরপর সেগুলো যথাযথভাবে পূরণ করে নির্ধারিত দিনে সঙ্গে নিয়ে উপস্থিত হতে হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী উপস্থিত না থাকলে ভর্তির সুযোগ বাতিল হতে পারে। তাই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সময়মতো উপস্থিত থাকার জন্য বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।