বুধবার ১১, মার্চ ২০২৬

বুধবার ১১, মার্চ ২০২৬ -- : -- --

স্মার্টফোন ব্যবহারে চোখ বাঁচানোর উপায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১২:০৩ পিএম

ফাইল ফটো

বর্তমান সময়ে স্মার্টফোন মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। যোগাযোগ, কাজ, পড়াশোনা কিংবা বিনোদন—সবকিছুতেই এখন মোবাইল ফোনের ব্যবহার বেড়েছে। ফলে অনেকেই দীর্ঘ সময় ধরে স্মার্টফোনের পর্দার দিকে তাকিয়ে থাকেন। এর ফলে অনেকের চোখে জ্বালাপোড়া, শুষ্কতা, ভারী ভাব বা চোখে বালুকণা লেগে থাকার মতো অনুভূতি দেখা দেয়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এ সমস্যাকে বলা হয় স্ক্রিন স্ট্রেইন বা পর্দাজনিত চোখের চাপ। দীর্ঘ সময় পর্দার দিকে তাকিয়ে থাকার কারণেই সাধারণত এই সমস্যা দেখা দেয়।

তবে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে থাকা কিছু সহজ সেটিংস ব্যবহার করেই চোখের ওপর চাপ অনেকটাই কমানো সম্ভব। এ জন্য আলাদা কোনো অ্যাপ ব্যবহারের প্রয়োজন হয় না।

চোখের চাপ কমানোর একটি কার্যকর সুবিধা হলো নাইট লাইট। স্মার্টফোনের স্ক্রিন থেকে যে নীল আলো নির্গত হয়, তা মানুষের মস্তিষ্ককে বিভ্রান্ত করতে পারে এবং মনে হয় এখনো দিনের আলো রয়েছে। এর ফলে ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট হতে পারে এবং চোখও দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। নাইট লাইট চালু করলে স্ক্রিনের নীল আলোর মাত্রা কমে যায় এবং পর্দা তুলনামূলক উষ্ণ বা কমলা আভা ধারণ করে। এতে দীর্ঘ সময় ফোন ব্যবহার করলেও চোখে তুলনামূলক কম চাপ পড়ে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ফোনের সেটিংসের ‘ডিসপ্লে’ অপশনে গিয়ে নাইট লাইট বা আই কমফোর্ট শিল্ড চালু করতে পারেন।

আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো ডার্ক মোড। স্মার্টফোনের উজ্জ্বল সাদা পটভূমি অনেক সময় চোখে সরাসরি লাগে, বিশেষ করে কম আলো বা অন্ধকার পরিবেশে। ডার্ক মোড চালু করলে বিভিন্ন অ্যাপের পটভূমি কালো বা গাঢ় ধূসর হয়ে যায়। ফলে স্ক্রিনের আলো তুলনামূলক নরম লাগে এবং চোখের ওপর চাপ কিছুটা কমে। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও জিমেইলের মতো অনেক জনপ্রিয় অ্যাপ ডার্ক মোড চালু করলে স্বয়ংক্রিয়ভাবে ডার্ক থিমে চলে যায়।

এ ছাড়া চোখের সুরক্ষার জন্য স্মার্টফোন ব্যবহারের সময় নিয়ন্ত্রণ করাও জরুরি। অ্যান্ড্রয়েড ফোনে থাকা ডিজিটাল ওয়েলবিয়িং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস সুবিধা ব্যবহার করে নির্দিষ্ট অ্যাপ ব্যবহারের সময়সীমা নির্ধারণ করা যায়। নির্ধারিত সময় শেষ হলে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়, ফলে ব্যবহারকারীরা বিরতি নিতে বাধ্য হন।

স্মার্টফোন ব্যবহারের সময় এসব সহজ সেটিংস ব্যবহার এবং সময় নিয়ন্ত্রণ করলে চোখের ওপর চাপ অনেকটাই কমানো সম্ভব এবং চোখ সুস্থ রাখা যায়।

Link copied!