বুধবার ২৫, ফেব্রুয়ারি ২০২৬

বুধবার ২৫, ফেব্রুয়ারি ২০২৬ -- : -- --

মাতৃভাষা নিয়ে গোবিপ্রবি শিক্ষার্থীদের ভাবনা 

আব্দুল্লাহ আর রাফি,গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২১ পিএম

ফাইল ফটো

"রক্তে লেখা অক্ষরগুলো আজও দেয় যে ডাক,
ফেব্রুয়ারির হাওয়ায় ভাসে ইতিহাসের হাক।
মায়ের ভাষার শব্দগুলো হৃদয়জুড়ে গান,
বাংলা আমার অহংকার, বাংলা আমার প্রাণ।"

ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের পরিচয়, ইতিহাস ও সংস্কৃতির প্রাণস্পন্দন। পৃথিবীর মানচিত্রে বহু ভাষা হারিয়ে গেলেও, বাংলা ভাষা তার আত্মত্যাগ ও সংগ্রামের গৌরবে আজও অম্লান। প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আমরা পালন করি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-একটি দিন, যা ভাষার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গের স্মৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরে।মাতৃভাষা বাংলাকে এদেশের  প্রতিটা মানুষ মনে প্রাণে ধারণ করে। সেই রক্তে মিশে থাকা মায়ের ভাষা দিবস নিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল(গোবিপ্রবির) শিক্ষার্থীদের ভাবনা তুলে ধরেছেন "গোবিপ্রবি প্রতিনিধি" আব্দুল্লাহ আর রাফি। 

"বাংলাভাষা মায়ের প্রথম কন্ঠস্বর"

সকালের বাতাসে অদ্ভুত উত্তেজনা।রাস্তায় নেমেছে কিছু তরুণ, হাতে প্ল্যাকার্ড, চোখে দৃঢ় সংকল্প।তাদের দাবিটা কি এত বড় ছিল? তারা তো শুধু নিজের ভাষায় কথা বলার অধিকার চেয়েছিল।হঠাৎ ভেসে এলো গুলির শব্দ।
নীরব হয়ে গেল রাজপথ, কিন্তু থেমে গেল না প্রতিবাদ।

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি হয়ে উঠল এক রক্তাক্ত ইতিহাস।এই দিবস আমাদের বিশ্বব্যাপী মাতৃভাষা বাংলার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। আত্মপরিচয়ের শেকড় ও জাতীয় চেতনার মূল ভিত্তি হলো এই মাতৃভাষা। এটি শুধু কথা বলার মাধ্যম নয়, এটি আমাদের মায়ের কণ্ঠের প্রথম স্পর্শ।
    
উৎপল রায় বন্ধন 
আইন বিভাগ

"বাংলা ভাষার সঠিক ব্যবহার ও মূল্যায়ন "

আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। পৃথিবীতে আমরাই একমাত্র জাতি যাদের মাতৃভাষার জন্য রক্ত দিতে হয়েছে, আমাদের ভাইদের প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে মাতৃভাষা বাংলা। মাতৃভাষা দিবসে তাই আমার প্রত্যাশা আমরা যেন তাদের সেই অবদান ধরে রাখতে পারি। তাদের ত্যাগের সঠিক মূল্যায়ন যেন করতে পারি। বর্তমানে আমাদের অবস্থা এমন হয়েছে যে আমরা নিজের ভাষায় কথা বলাকে, আঞ্চলিকতাকে ছোট করে দেখি। যার ফলে আমাদের ভাষার বৈচিত্র্য দিন দিন হারিয়ে যাচ্ছে, মানুষ আঞ্চলিক ভাষায় কথা বলতে দ্বিধা করছে। আমার প্রত্যাশা এই মাতৃভাষা দিবসে আমরা সবাই যেন নিজেদের আঞ্চলিক ভাষাকে সম্মান করি এবং আঞ্চলিক ভাষায় কথা বলাকে উৎসাহিত করি। আরও একটা বিষয় না বললেই নয়, বর্তমানে একটা নির্দিষ্ট গোষ্ঠী ভাষা আন্দোলন ও এর ইতিহাস বিকৃতির চেষ্টা করছে যা খুবই দুঃখজনক। প্রত্যাশা থাকবে যেন ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বর্তমান প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা হয়।

সারারা ইসলাম কনা
পরিসংখ্যান বিভাগ 

"মাতৃভাষা আমাদের শিকড়"

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের জন্য শুধু একটি দিবস নয়, এটি আমাদের আত্মপরিচয় ও গর্বের প্রতীক। ২১ ফেব্রুয়ারি এলে আমি গভীরভাবে অনুভব করি, ভাষা শুধু কথা বলার মাধ্যম নয়-এটি আমাদের সংস্কৃতি, ইতিহাস ও অনুভূতির ধারক। ১৯৫২ সালের এই দিনে বাংলাদেশ-এর সাহসী ছাত্ররা মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য জীবন দিয়েছিলেন। তাঁদের আত্মত্যাগের ফলেই আজ আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারি।

আমার কাছে মাতৃভাষা মানে মায়ের স্নেহের মতোই আপন ও নিরাপদ একটি আশ্রয়। ছোটবেলার হাসি, কান্না, স্বপ্ন-সবকিছুই এই ভাষায় গাঁথা। তাই মাতৃভাষাকে ভালোবাসা মানে নিজের শিকড়কে ভালোবাসা। বর্তমান সময়ে আমাদের উচিত বাংলা ভাষার সঠিক ব্যবহার করা এবং নতুন প্রজন্মকে ভাষার ইতিহাস জানানো। বিদেশি ভাষা শেখা প্রয়োজন, কিন্তু নিজের ভাষাকে অবহেলা করা কখনোই উচিত নয়।
আমাদের উচিত মাতৃভাষার মর্যাদা রক্ষা করা এবং গর্বের সাথে বাংলা ভাষায় কথা বলা।

সৌমিত্র বিশ্বাস 
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ

Link copied!