বুধবার ১১, ফেব্রুয়ারি ২০২৬

বুধবার ১১, ফেব্রুয়ারি ২০২৬ -- : -- --

বাজেট সীমাবদ্ধতায় স্থবির ‘জুলাই-২৪ স্কয়ার’ প্রকল্প 

জাককানইবি থেকে রবিউল ইসলাম শাকিল

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৪ পিএম

ফাইল ফটো

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ছাত্র-জনতার আন্দোলনের মুখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের 'বঙ্গবন্ধু স্কয়ার' এবং শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের ৮৮তম সিন্ডিকেট সভায় বঙ্গবন্ধু স্কয়ারের নাম পরিবর্তন করে রাখা হয় ‘জুলাই-২৪ স্কয়ার’। 

কিন্তু নাম পরিবর্তনের দেড় বছর পেরিয়ে গেলেও স্কয়ারটি সংস্কার বা নতুন করে গড়ে তোলার কোনো কাজ শুরু হয়নি। 

শিক্ষার্থীদের অভিযোগ, "নাম বদলালেও জায়গাটির দেখভালের কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। এখনো স্কয়ারের সিঁড়িগুলো ভাঙা অবস্থায় পড়ে আছে।"

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক প্রকৌশলী মো. হাফিজুর রহমান জানান, ‘জুলাই-২৪ স্কয়ার’ নির্মাণের জন্য প্রাথমিক প্রস্তুতি ও নকশার কাজ শেষ হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন বাজেট কম থাকায় এখনো কাজ শুরু করা যায়নি। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে কাজ শুরু করা সম্ভব হবে।

ব্যয় বেশি হওয়ায় প্রকল্পটি বাস্তবায়নে সময় লাগবে বলেও জানান তিনি। তবে প্রশাসনের পক্ষ থেকে আগামী জুলাই মাসের আগেই কাজ শেষ করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে উপাচার্যের সঙ্গে নিয়মিত আলোচনা হচ্ছে।

প্রকৌশলী হাফিজুর রহমান আরও বলেন, যদি চলতি বছরের জুলাইয়ের আগে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না পাওয়া যায়, তাহলে আগের বঙ্গবন্ধু স্কয়ারের ফাউন্ডেশন ব্যবহার করে ‘জুলাই-২৪ স্কয়ার’ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষার্থীরা বলছেন, আন্দোলনের স্মৃতি বহন করা এই জায়গাটি বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। দ্রুত স্কয়ারটি সংস্কার করে নতুনভাবে গড়ে তোলার দাবি জানিয়েছেন তারা।

Link copied!