বুধবার ১১, মার্চ ২০২৬

বুধবার ১১, মার্চ ২০২৬ -- : -- --

নতুন পরিচয়ে পুরোনো সৃজিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম

ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি

ওপার বাংলার জনপ্রিয় পরিচালক ও এপাড় বাংলার জামাই নামে খ্যাত সৃজিত মুখার্জি এবার হাজির হলেন নতুন পরিচয়ে। পরিচালক, গীতিকার, লেখক সব ছাড়িয়ে এবার নাম লিখিয়েছেন সুরকারের খাতায়।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে, এই প্রথমবারের মতো সৃজিতকে সংগীত পরিচালকের ভূমিকায় পেতে চলেছেন ভক্তরা। পরিচালক সুমন ঘোষ ‘শ্রীরামপুর ডায়েরিজ’ শীর্ষক একটি নতুন বাংলা সিনেমা তৈরি করছেন। সেই ছবিতেই সুরকার হিসেবে পাওয়া যাবে গুণী এই পরিচালককে।

সৃজিতের কাছে প্রস্তাব পাঠিয়েছেন সুমন নিজেই। শুরুর দিকে তার কাছে একটি মিউজিক প্রোডাকশন করার প্রস্তাব আসে। এরপরেই সুর দেওয়া এবং মিউজিক কিউরেশনের বিষয়ে কথা হয়। সব শুনে সম্মতি দেন সৃজিত।

সৃজিতের ‘মিউজিক সেন্স’ নিয়ে নতুন করে জানার কিছু নেই। তার প্রমাণ মিলেছিল ২০১০ সালেই। ‘অটোগ্রাফ’ এ অনুপম রায়ের সঙ্গে তার যুগলবন্দি ব্যাপক সাড়া ফেলেছিল। পরেও সৃজিত-অনুপম জুটি শ্রোতামহলের প্রশংসা কুড়িয়েছেন। শুধু তাই নয়, অতীতে নিজের সিনেমার বাইরে অন্য পরিচালকদের ছবির জন্যেও গান লিখেছেন সৃজিত। এবার সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি।

প্রসঙ্গত, সৃজিত নিজের সিনেমা ছাড়াও ‘লে ছক্কা’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’ এবং ‘ক্রস কানেকশন’-এর মতো একাধিক ছবির গান লিখেছেন। এবার সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন। 

Link copied!