প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৭:১০ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আসনসংখ্যা বাড়ানোর পাশাপাশি আবেদনের যোগ্যতায় জিপিএর শর্ত শিথিল করা হয়েছে। এবার বিশ্ববিদ্যালয়টিতে মোট ১ হাজার ৮৪৮টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। গত শিক্ষাবর্ষে আসন ছিল ১ হাজার ৮৪২টি। অর্থাৎ এবার আসন বেড়েছে ছয়টি। এর আগের বছর ২০২৫ সালে আসন বাড়ানো হয়েছিল ১০টি।
বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২২ নভেম্বর থেকে ভর্তির আবেদন শুরু হবে। আগ্রহী শিক্ষার্থীরা ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
এবার সব ইউনিটেই আবেদনের ন্যূনতম জিপিএর শর্ত কমানো হয়েছে। ভর্তি পরীক্ষা হবে মোট ৯০ নম্বরে। পরীক্ষায় পাস নম্বর ৪০। মোট ৮০টি প্রশ্নের জন্য বরাদ্দ থাকবে ৯০ নম্বর। প্রতিটি প্রশ্নের মান ১.১২৫ নম্বর। এর আগে প্রতিটি প্রশ্নের মান ছিল এক নম্বর। পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে ০.২০। এ ছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ১০ নম্বর নির্ধারণ করা হবে।
আবেদনের সাধারণ যোগ্যতা
২০২৩ ও ২০২৪ সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় এবং ২০২৫ ও ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এসএসসি ও এইচএসসি-উভয় পরীক্ষার চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ বিবেচনায় নিয়ে ইউনিটভেদে আবেদনযোগ্যতা নির্ধারণ করা হয়েছে।
‘এ’ ইউনিট: গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং আইআইটি
গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) ‘এ’ ইউনিটে আবেদন করতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। পাশাপাশি উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ অর্জন করতে হবে। গত শিক্ষাবর্ষে এ ইউনিটে আবেদনের জন্য মোট জিপিএ ৮.৫০ এবং প্রতিটি পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ প্রয়োজন ছিল।
‘বি’ ইউনিট: সমাজবিজ্ঞান ও আইন অনুষদ
‘বি’ ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি মিলিয়ে মোট জিপিএ কমপক্ষে ৭.৫০ থাকতে হবে। দুই পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ হতে হবে ৩.৫০। অন্যদিকে, মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট জিপিএ ৬.৫০ এবং প্রতিটি পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। আগের শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৮.৫০ এবং মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ৭.৫০ নির্ধারিত ছিল।
‘সি’ ইউনিট: কলা ও মানবিকী অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট
এই ইউনিটে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। পৃথকভাবে উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ প্রয়োজন। মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৬.৫০ এবং দুই পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ নির্ধারণ করা হয়েছে। গত শিক্ষাবর্ষে এ ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৮.৫০ এবং মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ৭.৫০ থাকার শর্ত ছিল।
‘সি১’ ইউনিট: নাট্যতত্ত্ব ও চারুকলা বিভাগ
কলা ও মানবিকী অনুষদের নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগের ‘সি১’ ইউনিটে আবেদন করতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। পাশাপাশি প্রতিটি পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ অর্জন করতে হবে। আগের শিক্ষাবর্ষে এ ইউনিটে আবেদনের জন্য মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ প্রয়োজন ছিল।
‘ডি’ ইউনিট: জীববিজ্ঞান অনুষদ
জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৮.০০ থাকতে হবে। উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ হতে হবে ৩.৫০। গত শিক্ষাবর্ষে এ ইউনিটে আবেদনের জন্য মোট জিপিএ ৯.০০ এবং পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকার শর্ত ছিল।
‘ই’ ইউনিট: বিজনেস স্টাডিজ অনুষদ
বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৭.৫০ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। ব্যবসায় শিক্ষা, মানবিক ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৬.৫০ এবং প্রতিটি পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ নির্ধারণ করা হয়েছে। আগের শিক্ষাবর্ষে এ ইউনিটে সব বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৮.০০ থাকার শর্ত ছিল। এ ছাড়া এসএসসিতে কমপক্ষে ৪.০০ এবং এইচএসসিতে ৩.৫০ জিপিএ থাকতে হতো।
ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ)
আইবিএ-জেইউতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।অন্যদিকে, ব্যবসায় শিক্ষা, মানবিক ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৬.৫০ এবং দুই পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ প্রয়োজন হবে। গত শিক্ষাবর্ষে আইবিএ-জেইউতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৮.০০ এবং মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ৭.৫০ নির্ধারণ করা হয়েছিল।
