প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১১:২১ পিএম
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) প্রকাশিত বিশ্বসেরা টেকসই বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৬৫ ধাপ এগিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস: সাসটেইনেবিলিটি ২০২৭’-এ বিশ্বে ৯৭৭তম অবস্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি। দেশের ২৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাবির অবস্থান পঞ্চম।
মঙ্গলবার (১৭ নভেম্বর) পঞ্চমবারের মতো এ র্যাঙ্কিং প্রকাশ করে কিউএস। এবারের তালিকায় বিশ্বের ২ হাজার ৩টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
গত বছর এ র্যাঙ্কিংয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ১ হাজার ৪১ থেকে ১ হাজার ৫০-এর মধ্যে। এবার ৯৭৭তম অবস্থানে উঠে এসেছে বিশ্ববিদ্যালয়টি, যা আগের বছরের তুলনায় ৬৫ ধাপের উন্নতি।
কিউএসের এ র্যাঙ্কিংয়ে তিনটি সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক অবস্থান নির্ধারণ করা হয়েছে। সূচকগুলো হলো পরিবেশগত প্রভাব, সামাজিক প্রভাব ও শাসনগত প্রভাব। মোট ১০০ নম্বরের মধ্যে পরিবেশগত প্রভাবের জন্য ৪৫ শতাংশ, সামাজিক প্রভাবের জন্য ৪৫ শতাংশ এবং শাসনগত প্রভাবের জন্য ১০ শতাংশ গুরুত্ব দেওয়া হয়েছে। এসব সূচকের স্কোরের ভিত্তিতে সামগ্রিক স্কোর নির্ধারণ করা হয়।
এবারও দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিশ্ব র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৪৬৬তম। তালিকায় দুই ধাপ পিছিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যার বৈশ্বিক অবস্থান ৬২১তম।
দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রতিষ্ঠানটির অবস্থান ৯৩১তম। চতুর্থ অবস্থানে থাকা ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের অবস্থান ৯৬২তম।
এ ছাড়া ষষ্ঠ অবস্থানে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক অবস্থান ৯৮৩তম। সপ্তম নর্থ সাউথ ইউনিভার্সিটি রয়েছে ১ হাজার ৩১ থেকে ১ হাজার ৪০-এর মধ্যে। অষ্টম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অবস্থান ১ হাজার ১০১ থেকে ১ হাজার ১৫০-এর মধ্যে। নবম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং দশম খুলনা বিশ্ববিদ্যালয় রয়েছে ১ হাজার ১৫১ থেকে ১ হাজার ২০০-এর মধ্যে।
