প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পিএম
বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং ও থার্ড সেক্রেটারি শিয়া দাওজিং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাউসার এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়ং হুই উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভাষা ও সংস্কৃতিবিষয়ক চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ ছাড়া বাংলাদেশ ও চীনের মধ্যে সাংস্কৃতিক প্রতিনিধিদল বিনিময়ের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
এ সময় চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং জানান, তারা উচ্চশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনা শিক্ষার্থীদের সংখ্যা বাড়াতে আগ্রহী। এ বিষয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সহযোগিতা কামনা করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনা শিক্ষার্থীদের সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। শিক্ষা ও গবেষণার মাধ্যমে আগামী দিনগুলোতে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
