প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পিএম
ধর্ম, বর্ণ, লিঙ্গ, ভাষা কিংবা নৃতাত্ত্বিক পরিচয়ের কারণে দেশের কোনো মানুষ যেন নিজেকে ক্ষুদ্র মনে না করেন-এমন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি দেশের সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে ‘সাংস্কৃতিক বহুত্ববাদ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হেরিটেজ ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ এ সভার আয়োজন করে।
উপাচার্য বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে মানুষ তার ধর্ম, বর্ণ, লিঙ্গ, ভাষা বা নৃতাত্ত্বিক পরিচয়ের কারণে নিজেকে ক্ষুদ্র মনে না করে।’ এ সময় তিনি সব ধরনের সংকীর্ণতার দেয়াল ভেঙে বুদ্ধিবৃত্তিক উদারতা ও মানবিক সেতুবন্ধন তৈরির জন্য সবার প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের ইতিহাস কেবল উচ্চশিক্ষা বিস্তারের ইতিহাস নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে এ ভূখণ্ডের মানুষের আত্মপরিচয়ের অনুসন্ধান এবং গণতান্ত্রিক চেতনার উন্মেষের ইতিহাস।
অধ্যাপক ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে এমন মুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে, যেখানে ভিন্নমত ও ভিন্ন সংস্কৃতির চর্চা এবং সংলাপের সুযোগ থাকবে। সাংস্কৃতিক বহুত্ববাদ ও উন্নয়নবিষয়ক আলোচনায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি নারীর সাংস্কৃতিক ও জ্ঞানভিত্তিক ক্ষমতায়নের ওপরও গুরুত্ব দেন তিনি।
হেরিটেজ ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোকাম্মেল এইচ ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় মূল আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া।
আলোচনায় অংশ নেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া, সময় টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবায়ের বাবু এবং মানবাধিকারকর্মী ও সংগঠক মেইনথিন প্রমীলা।
