ছাইম ইবনে আব্বাস,এমসি কলেজ, সিলেট।
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পিএম
রবিবার ২২, নভেম্বর ২০২৬ -- : -- --
ছবি: উৎস কান্তি দাস
একটি ছবি কখনো হাজারো শব্দের নীরব ভাষ্য, আবার কখনো সময়ের বুকে জমে থাকা গল্পের জীবন্ত দলিল। এমন গল্পগুলো ছবির ফ্রেমে তুলে ধরতে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে শুরু হয়েছে ফটো প্রদর্শনী ও প্রতিযোগিতা ‘ক্ষণচিত্র’-এর প্রথম আয়োজন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। ‘স্টোরি বেইজড ফটোগ্রাফি’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রদর্শনীতে শিক্ষার্থীদের ক্যামেরায় ধারণ করা ২৪টি নির্বাচিত ছবি স্থান পেয়েছে।
প্রতিটি ছবিতেই ফুটে উঠেছে ভিন্ন গল্প, অনুভূতি ও জীবনের নানা মুহূর্ত। সাধারণ দৃশ্যের আড়ালে লুকিয়ে থাকা অসাধারণ অভিজ্ঞতাগুলো ছবির মাধ্যমে তুলে ধরেছেন শিক্ষার্থীরা। তাঁদের সৃজনশীলতা ও শিল্পবোধের প্রকাশ দর্শনার্থীদের জন্য তৈরি করেছে ভিন্নধর্মী অভিজ্ঞতা।
এ আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে কলেজের নতুন সংগঠন ‘এমসি কলেজ ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’। ফটোগ্রাফি ও চলচ্চিত্রচর্চায় আগ্রহী শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করার লক্ষ্য নিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আকমল হোসেন এবং প্রথম আলোর ফটোসাংবাদিক আনিস মাহমুদ।
সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন উৎস কান্তি দাস। তিনি অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও আয়োজনের লক্ষ্য তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুল হামিদ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নীলুফার খানম, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মাহমুদা আলম, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মহসিন আলী, সংগঠনের উপদেষ্টা ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিন এবং সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অঘ্রাতা সৌরভ।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সাহিত্য, সংস্কৃতি ও শিল্পচর্চার পাশাপাশি ফটোগ্রাফিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ছবির মাধ্যমে গল্প বলার এ ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষার্থীদের চিন্তাভাবনা, পর্যবেক্ষণ ও সৃজনশীলতাকে আরও সমৃদ্ধ করবে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজকদের এ উদ্যোগে এমসি কলেজের সাংস্কৃতিক অঙ্গনে যুক্ত হয়েছে নতুন মাত্রা। সময়ের ক্ষণিক মুহূর্তগুলোকে ছবির ফ্রেমে ধরে রাখার মধ্য দিয়ে ‘ক্ষণচিত্র’ যেন তুলে ধরছে-কিছু গল্প শব্দের চেয়ে ছবিতেই বেশি জীবন্ত হয়ে ওঠে।