শনিবার ৩১, অক্টোবর ২০২৬

শনিবার ৩১, অক্টোবর ২০২৬ -- : -- --

তাহসিফের মৃত্যুর ঘটনায় নতুন সূত্র, উদ্ধার মোটরসাইকেল নিয়ে তদন্ত করছে পিবিআই

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পিএম

তাহসিফের মৃত্যুর ঘটনায় নতুন সূত্র, উদ্ধার মোটরসাইকেল নিয়ে তদন্ত করছে পিবিআই

ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) ভাসমান মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় ৫০ গজ দূরে একটি মোটরসাইকেল পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা যাচাই করছে সংস্থাটি।

তাহসিফের মৃত্যুর ঘটনায় হেফাজতে নেওয়া তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপ জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন, ঘটনার দিন তাঁরা ঘটনাস্থলে কথা বলছিলেন। এ সময় কয়েকজন তাঁদের ধাওয়া করলে তাহসিফ নদে ঝাঁপ দেন এবং তিনি পালিয়ে যান বলে দাবি করেছেন দীপ।

পিবিআই কর্মকর্তাদের ধারণা, রাজবাড়ী ঘাট এলাকায় মাদক কারবারিদের ধাওয়ার মুখে পড়ে তাহসিফ নদে ঝাঁপ দিয়ে ডুবে যেতে পারেন। তবে এ বিষয়ে পাওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

মোটরসাইকেলটি তাহসিফের কি না, চলছে যাচাই

পিবিআই সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার মো. আবু ইউসুফ আজ সকালে প্রথম আলোকে বলেন, উদ্ধার করা মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা যাচাই–বাছাই করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে তাঁরা ধারণা করছেন, মোটরসাইকেলটি তাঁরই হবে।

উদ্ধার করা মোটরসাইকেলটি রাজধানীর উত্তরখান থানায় নেওয়া হয়েছে। তাহসিফের মৃত্যুর ঘটনায় নৌ পুলিশকে তদন্তে সহায়তা করছে পিবিআই।

পিবিআইয়ের একাধিক পুলিশ সুপার প্রথম আলোকে জানিয়েছেন, দীপকে সঙ্গে নিয়ে গতকাল রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে।

ধাওয়ার মুখে নদে ঝাঁপ দেওয়ার দাবি দীপের

জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছেন, ঘটনার সময় কয়েকজন তাঁদের ধাওয়া করেছিলেন। এ বিষয়ে পিবিআইয়ের এক পুলিশ সুপার বলেন, জিজ্ঞাসাবাদে দীপ বলেছেন, ‘আমরা সেখানে (ঘটনাস্থল) কথা বলছিলাম। এ সময় কিছু লোক ধাওয়া করে। তাহসিফ নদীতে ঝাঁপ দেয়। আর আমি পালিয়ে আসি।’

দীপের দাবি, যাঁরা তাঁদের ধাওয়া করেছিলেন, তাঁরা পুলিশের লোক ছিলেন। তবে তাঁর কাছ থেকে পাওয়া এ তথ্যসহ অন্যান্য বিষয় যাচাই করছে পিবিআই।

উত্তরার বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন তাহসিফ

তাহসিফ গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার বাসা থেকে বের হন। সেদিন দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে মুঠোফোনে মাকে ভয়েস মেসেজ পাঠিয়ে তিনি বাসায় ফিরছেন বলে জানান। কিন্তু এরপর আর বাড়ি ফেরেননি।

পরদিন বুধবার বিকেলে উত্তরখান থানার রাজবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। বাসা থেকে বের হওয়ার সময় তাহসিফ নিজের মোটরসাইকেলটি সঙ্গে নিয়েছিলেন। মরদেহ উদ্ধারের পর পরিবারের সদস্যরা জানিয়েছিলেন, মোটরসাইকেলটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

এখন মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় ৫০ গজ দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকায় একটি মোটরসাইকেল পাওয়ার কথা জানিয়েছে পিবিআই।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুজন আলাদা মোটরসাইকেলে চলে যান

তাহসিফ নিখোঁজ হওয়ার আগে একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে তাঁকে এক ব্যক্তির সঙ্গে দেখা যায়। পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে দীপ হিসেবে শনাক্ত করেন।

ফুটেজে দেখা যায়, মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি গ্যারেজের সামনে তাহসিফের সঙ্গে ওই ব্যক্তির দেখা হয়। তাঁরা পরস্পরের সঙ্গে হাত মেলানোর পর আলাদা দুটি মোটরসাইকেলে করে সেখান থেকে চলে যান।

পিবিআই জানিয়েছে, ঘটনার আগের রাতে তাঁরা একসঙ্গে বের হয়েছিলেন এবং একসঙ্গে ছিলেন। এ কারণে তাহসিফের মৃত্যুর বিষয়ে দীপকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁকে পিবিআই মেট্রো উত্তরের কার্যালয়ে নেওয়া হয়েছে।

সিসিটিভি ফুটেজে তাহসিফের মোটরসাইকেলের পেছনে কোনো নম্বর প্লেট দেখা যায়নি। উদ্ধার করা মোটরসাইকেলটিতেও নম্বর প্লেট নেই বলে জানা গেছে।

পরিবারের সন্দেহ, আত্মহত্যা নয়

গতকাল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে তাহসিফের মরদেহের ময়নাতদন্ত করা হয়। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হলে জানাজা শেষে গতকালই উত্তরায় তাঁকে দাফন করা হয়।

তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম ছেলের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, এটি আত্মহত্যা নয়। তিনি মনে করেন, সরকার তদন্ত করলে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে।

তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে পরিবার।

Link copied!