বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ -- : -- --

নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০১:২০ পিএম

সংগৃহীত

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস) মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রশ্নফাঁসের ঘটনায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকিরের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর মাদারীপুরের রাজৈর থানা-পুলিশের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় সোহাগ ফকিরের কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে বলেও জানান সিআইডির এই কর্মকর্তা।

জাহিদুল ইসলাম জানান, সোহাগ ফকিরকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় পরীক্ষা স্থগিত করা হয়।

এ ঘটনায় ১১ অক্টোবর রাজধানীর মতিঝিল থানায় মামলা নম্বর ০৭ দায়ের করা হয়। পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৫০-এর ৪, ৫ ও ৯(ক) ধারায় মামলাটি করা হয়েছে।

সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Link copied!