মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬

মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ -- : -- --

এসএসসিতে ঢাকা ও ময়মনসিংহ বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৬:২২ পিএম

Collected I Edited by Creports Graphics

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে ঢাকা ও ময়মনসিংহ শিক্ষা বোর্ড। সোমবার (১৯ অক্টোবর) সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড দুটি এ তালিকা প্রকাশ করে।

বৃত্তি পাওয়ার শর্তাবলি

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য প্রকাশিত শর্তাবলিতে বলা হয়েছে, বৃত্তির গেজেটে শিক্ষার্থী যে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে, সেই প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকবে। অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্র জমা দেওয়ার শর্তে ভর্তিকৃত প্রতিষ্ঠান থেকে বিধি অনুযায়ী বৃত্তির অর্থ উত্তোলন করতে হবে।

শিক্ষার্থীর সদাচরণ, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি ও সন্তোষজনক পাঠোন্নতির ভিত্তিতে বৃত্তি দেওয়া হবে। উচ্চ শ্রেণিতে অধ্যয়নের জন্য অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি না হলে শিক্ষার্থী বৃত্তি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে না। বৃত্তির সংখ্যা, হার ও মেয়াদ আপাতত নির্ধারিত। প্রয়োজন হলে সরকার কোনো কারণ না দেখিয়েই তা পরিবর্তন বা বাতিল করতে পারবে।

শর্ত অনুযায়ী, বাংলাদেশের অভ্যন্তরে সরকারি অনুমোদনপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বৃত্তি কার্যকর হবে। অননুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ বৃত্তি পাওয়ার যোগ্য হবে না। এ ধরনের প্রতিষ্ঠানে অধ্যয়নের সময় পাঠবিরতি (ব্রেক অব স্টাডি) হিসেবে গণ্য হবে।

সব বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাবে। সরকারি অনুমোদনপ্রাপ্ত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর কাছ থেকে মাসিক বেতন দাবি করতে পারবে না। বেতন দাবি করা হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বৃত্তির অর্থের পরিমাণ সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেধাবৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসে ৬০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসে ৩৫০ টাকা পাবে।

এ ছাড়া বইপত্র ও যন্ত্রপাতি কেনার জন্য মেধাবৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতিবছর এককালীন ৯০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী ৪৫০ টাকা অনুদান পাবে।

Link copied!