মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬

মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ -- : -- --

ফার্মগেটে মৌমাছি ও বিষাক্ত ভিমরুলের তাণ্ডব: ঘুমের ঘরেও রেহাই পাচ্ছে না শিশুরা

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০১:১৬ পিএম

সংগৃহীত

রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেটের ইন্দিরা রোডে মৌমাছি ও বিষাক্ত ভিমরুলের তীব্র উপদ্রবে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আবাসিক এলাকার ভবনের কার্নিশ ও গাছে তৈরি হওয়া এসব বাসা থেকে প্রতিনিয়ত উড়ে আসা পোকামাকড়ের কামড়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন শিশুসহ পরিবারগুলো।

​স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, ইন্দিরা রোডের একটি আবাসিক ভবনের ৫ম তলার কার্নিশে বিশাল এক মৌমাছির বাসা এবং ঠিক তার সামনের গাছে অবস্থান নিয়েছে বিষাক্ত ভিমরুলের দল। দিন-রাত সমানতালে এগুলো ঘরে ঢুকে পড়ছে এবং বাসিন্দাদের আক্রমণ করছে।

​সবচেয়ে মর্মান্তিক ও ভয়াবহ ঘটনা ঘটেছে গত রাতে। ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা হুসনেয়ারা সুমি ক্ষোভ ও আতঙ্ক প্রকাশ করে বলেন,

​"গতরাত ১টার দিকে ঘুমের মধ্যে আমার অবুঝ বাচ্চার চোখে কামড় দেয় ভিমরুল। বর্তমানে চোখের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। প্রতিদিন মৌমাছি ও ভিমরুল এসে বাচ্চার ওপর আক্রমণ করছে। আমরা তীব্র আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে।"

​ঘটনার ভয়াবহতায় অতিষ্ঠ পরিবারটি জরুরি ভিত্তিতে মৌমাছি ও ভিমরুলের বাসা দুটি নিরাপদে অপসারণের জন্য ফায়ার সার্ভিস, অভিজ্ঞ রেসকিউ টিম বা সংশ্লিষ্ট নগর কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন।

​স্থানীয় বাসিন্দারা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা কোনো অভিজ্ঞ রেসকিউ টিম দ্রুত এগিয়ে এসে এই নিরীহ পরিবারগুলো ও কোমলমতি শিশুদের বড় ধরনের শারীরিক ক্ষতির হাত থেকে রক্ষা করবে।

Link copied!