প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পিএম
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ১৩টি ক্যাটাগরিতে ২৩৪টি পদে নিয়োগের আবেদন চলছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফি পরিশোধ করতে হবে। অন্যথায় আবেদন গ্রহণ করা হবে না।
যেভাবে আবেদন করবেন
নিয়োগ পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন জমা দেওয়ার পর প্রত্যেক প্রার্থীকে একটি ইউজার আইডি দেওয়া হবে। আবেদনপত্র পূরণের ৭২ ঘণ্টার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
ছবি ও স্বাক্ষর আপলোডের নিয়ম
অনলাইনে আবেদন করার সময় নির্ধারিত মাপের ছবি ও স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। ছবির মাপ হতে হবে ৩০০×৩০০ পিক্সেল এবং ফাইলের আকার সর্বোচ্চ ১০০ কিলোবাইট। অন্যদিকে, স্বাক্ষরের মাপ ৩০০×৮০ পিক্সেল হতে হবে এবং ফাইলের আকার ৬০ কিলোবাইটের বেশি হওয়া যাবে না।
আবেদনপত্র চূড়ান্তভাবে জমা দেওয়ার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়া জরুরি। আবেদন সফল হলে ছবি ও স্বাক্ষরযুক্ত আবেদনপত্রের একটি কপি পাওয়া যাবে। সেটি পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে রঙিন প্রিন্ট নিয়ে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হবে।
পদের ক্রমিক অনুযায়ী আবেদন ফি
নিয়োগ বিজ্ঞপ্তিতে পদের ক্রমিক নম্বর অনুসারে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। ফি পরিশোধের ক্ষেত্রে প্রার্থীদের নিচের তালিকা অনুসরণ করতে হবে।
-
১ থেকে ৬ নম্বর ক্রমিকের পদ: ৬৬৯ টাকা
-
৭ ও ৮ নম্বর ক্রমিকের পদ: ৫৫৮ টাকা
-
৯ থেকে ১২ নম্বর ক্রমিকের পদ: ৩৩৫ টাকা
-
১৩ নম্বর ক্রমিকের পদ: ২২৩ টাকা
নির্ধারিত আবেদন ফি অফেরতযোগ্য।
যেভাবে আবেদন ফি জমা দেবেন
আবেদন ফি জমা দিতে টেলিটকের প্রিপেইড মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। এ জন্য ১৬২২২ নম্বরে দুটি এসএমএস পাঠাতে হবে।
প্রথম এসএমএসে লিখতে হবে BBAL12 User ID। এখানে User ID-এর জায়গায় আবেদন করার পর পাওয়া নিজস্ব ইউজার আইডি বসাতে হবে। এরপর বার্তাটি ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফি পরিশোধের পরিমাণ ও একটি পিন নম্বর জানানো হবে।
দ্বিতীয় এসএমএসে লিখতে হবে BBAL12 YES PIN। এখানে PIN-এর জায়গায় প্রথম এসএমএসে পাওয়া পিন নম্বরটি বসিয়ে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফি জমা সফল হলে ফিরতি বার্তায় নিশ্চিতকরণ, ইউজার আইডি ও পাসওয়ার্ড পাওয়া যাবে।
শুধু আবেদনপত্র জমা দিলেই নিয়োগের আবেদন সম্পন্ন হবে না। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফি পরিশোধ করাও বাধ্যতামূলক।
প্রবেশপত্র ও পরীক্ষার তথ্য
প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইটে এবং টেলিটকের আবেদনসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে। যোগ্য প্রার্থীদের মুঠোফোনেও এসএমএসের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য জানানো হবে।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য, পদের যোগ্যতা ও অন্যান্য শর্ত জানতে প্রার্থীরা নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ দেখতে পারেন।
