বুধবার ১১, মার্চ ২০২৬

বুধবার ১১, মার্চ ২০২৬ -- : -- --

উডব্যাজ অর্জন করেছেন স্কাউটার নাজমুল ও ফারহানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ১২:২০ পিএম

ফাইল ফটো

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এয়ার রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার মো. নাজমুল হাসান (পিআরএস) ও ফারহানা রহমান (পিআরএস) বাংলাদেশ স্কাউটস-এর রোভার স্কাউট শাখায় মর্যাদাপূর্ণ উডব্যাজ অর্জন করেছেন। গত ১লা জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ স্কাউটস-এর উপ-পরিচালক (প্রশিক্ষণ) এ. এইচ. এম. মহসিন-এর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উডব্যাজ স্কাউট আন্দোলনের একটি সর্বোচ্চ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রশিক্ষণ সম্মাননা, যা স্কাউট আন্দোলনে ‘পিএইচডি-সমমান’ যোগ্যতা হিসেবে বিবেচিত। পাঁচ স্তরবিশিষ্ট প্রশিক্ষণ স্কিম সম্পন্নকরণ, নিয়মিত স্কাউটিং কার্যক্রমে অংশগ্রহণ, নির্ধারিত অ্যাসাইনমেন্ট সফলভাবে সম্পাদন এবং আনুষ্ঠানিক পরিদর্শন ও মূল্যায়নের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়। আঞ্চলিক স্কাউটসের পরিদর্শন ও সুপারিশক্রমে বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তর থেকে উডব্যাজ অনুমোদন করা হয়।

উডব্যাজ অর্জনের মাধ্যমে একজন স্কাউটার স্কাউটিংয়ের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রায় সকল প্রশিক্ষণ ও কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনের যোগ্যতা অর্জন করেন। রোভার স্কাউট শাখায় উডব্যাজ অর্জনের ফলে নাজমুল হাসান ও ফারহানা রহমান রোভার স্কাউটদের আরও কার্যকরভাবে দিকনির্দেশনা প্রদান এবং প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনে সহায়তা করতে সক্ষম হবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, এর পূর্বে তাঁরা উভয়েই স্কাউট শাখায় উডব্যাজ অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষতা, নেতৃত্বগুণ ও স্কাউটিং আদর্শের প্রতি দৃঢ় অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। এছাড়াও, ছাত্রজীবনে রোভার স্কাউট হিসেবে তাঁরা দু’জনই প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেন, যা তাঁদের ধারাবাহিক সাফল্য, নিষ্ঠা ও উৎকর্ষতার প্রতীক।

এ প্রসঙ্গে নাজমুল বলেন, “রোভার স্কাউট লিডার হিসেবে উডব্যাজ অর্জন আমার স্কাউটিং জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন। স্কাউট আন্দোলনের মূলমন্ত্র ও আত্মমর্যাদা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য। উডব্যাজ অর্জনের পথে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাকে সহযোগিতা করেছেন, তাঁদের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্কাউটসের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ভবিষ্যতেও সর্বদা নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করব।”

এ বিষয়ে ফারহানা রহমান বলেন, “রোভার স্কাউট শাখায় উডব্যাজ অর্জন আমার জন্য অত্যন্ত সম্মানের ও অনুপ্রেরণার। স্কাউট আন্দোলনের আদর্শ ধারণ করে নেতৃত্ব বিকাশ, স্বেচ্ছাসেবা এবং মানবিক মূল্যবোধ গঠনে আজীবন কাজ করে যেতে চাই। এই অর্জনের পেছনে যাঁদের দিকনির্দেশনা ও সহযোগিতা রয়েছে, তাঁদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ।”

তাঁদের এই ধারাবাহিক সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়; বরং এটি আগামীর রোভার স্কাউটদের জন্য এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত। এই অর্জনের মাধ্যমে স্কাউট আন্দোলনে দক্ষ নেতৃত্ব তৈরিতে ডিআইইউ এয়ার রোভার স্কাউট গ্রুপের ভূমিকা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

Link copied!