বুধবার ২৬, আগস্ট ২০২৬

বুধবার ২৬, আগস্ট ২০২৬ -- : -- --

নোবিপ্রবিতে দূর্ঘটনায় আহত শিক্ষার্থীর পাশে বিশ্ববিদ্যালয় পরিবার

নোবিপ্রবি থেকে রাকিব মোহাম্মদ আরজু

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ১১:২৩ এএম

বখতিয়ার হাসিন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মালেক হলে দুর্ঘটনায় আহত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৮তম আবর্তনের শিক্ষার্থী বখতিয়ার হাসিনের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে শিক্ষার্থীর চিকিৎসা নিশ্চিত করতে বিভাগ, হল প্রশাসন ও অন্যন্য মাধ্যাম থেকে সার্বিক সহযোগিতা করা হয়েছে বলে জানা যায়।

গত ২২ আগস্ট আব্দুল মালেক উকিল হলে দুর্ঘটনাবশত সিড়ির নিচে জমে থাকা পানিতে পিছলে  পড়ে গিয়ে গুরুতর আহত হন বখতিয়ার হাসিন। এতে তার পায়ের প্যাটেলা (হাঁটুর হাড়) ভেঙে যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন।

শিক্ষার্থীর দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই তার চিকিৎসার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও মালেক হল প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয় করে আসছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী এবং মালেক উকিল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মাসুদ কাইয়ুম আহত শিক্ষার্থীর চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করেন।

এদিকে চিকিৎসার ব্যয় নির্বাহে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বখতিয়ার হাসিনকে ৩০ হাজার টাকা, নিজ বিভাগ থেকে ১০ হাজার টাকা ও ক্লাউ ফান্ডিং এর মাধ্যমে ২১ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি তার চিকিৎসা কার্যক্রম নির্বিঘ্ন করতে হল প্রশাসনের পক্ষ থেকেও সার্বিক সহযোগিতা করা হয়।

এছাড়া শিক্ষার্থীর চিকিৎসা ও হাসপাতালে নেওয়া-আনার ক্ষেত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নোবিপ্রবির সাবেক সমন্বয়ক জাহিদুল ইসলাম হাছানসহ সংশ্লিষ্টরা সহযোগিতা করেছেন।

গত ২৪ আগস্ট রাতে নওগাঁয় বখতিয়ার হাসিনের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি আগের তুলনায় সুস্থ ও স্থিতিশীল রয়েছেন বলে জানা গেছে।


নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী বলেন, বখতিয়ারকে প্রথমে নোয়াখালী সদর হাসপাতাল থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হলে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে নওগাঁয় নেওয়া হয়, সেখানে পঙ্গু হাসপাতালের একজন চিকিৎসকের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আর্থিক সীমাবদ্ধতা থাকলেও তাকে ৩০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন তার পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করছে। তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরবেন বলে আশা প্রকাশ করেন।

শিক্ষার্থীর চিকিৎসায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন, বিভাগ এবং সংশ্লিষ্টদের সম্মিলিত সহযোগিতাকে ইতিবাচকভাবে দেখছেন বখতিয়ারের সহপাঠী ও পরিবারের সদস্যরা।

Link copied!