বুধবার ২৬, আগস্ট ২০২৬

বুধবার ২৬, আগস্ট ২০২৬ -- : -- --

দেশীয় মাছ সংরক্ষণে খুকৃবিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উমাইয়া আহমেদ

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ১১:৩৭ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) মাছের পোনা অবমুক্তকরণ, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ এবং টেকসই মৎস্যসম্পদ ব্যবস্থাপনার ওপর অনুষ্ঠানে গুরুত্বারোপ করা হয়।

‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ’ প্রতিপাদ্যে মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এ ফিশারিজ অ্যান্ড ওশান সায়েন্সেস অনুষদ এ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার।

উপাচার্য বলেন, “দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণালব্ধ জ্ঞান এবং আধুনিক প্রযুক্তির যথাযথ প্রয়োগ জরুরি। শুধু পোনা অবমুক্ত করলেই হবে না, এর জন্য জলাশয়ের পরিবেশ সংরক্ষণ, পানির গুণগত মান নিশ্চিতকরণ এবং অবমুক্ত মাছের টিকে থাকার বিষয়ে নজরদারি প্রয়োজন।”

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণার ফলাফল মাঠপর্যায়ের মৎস্যচাষি ও উদ্যোক্তাদের কাছে পৌঁছে দিতে বিশ্ববিদ্যালয়, মৎস্য অধিদপ্তর ও মৎস্য গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের লোনাপানি কেন্দ্র, পাইকগাছার কেন্দ্র প্রধান ড. আজহার আলী। 

ফিশারিজ অ্যান্ড ওশান সায়েন্সেস অনুষদের ডিন প্রতিনিধি ড. মোঃ মেহেদী আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা অংশ নেন।

সভার শেষে বিজ্ঞানভিত্তিক মৎস্য ব্যবস্থাপনার মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

Link copied!