বুধবার ২৬, আগস্ট ২০২৬

বুধবার ২৬, আগস্ট ২০২৬ -- : -- --

ছাত্রনেতা জামশেদ-তারিফের উদ্যোগে শহীদুল্লাহ্ হলে বৃক্ষরোপণ

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ১২:০৬ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

পরিবেশের ভারসাম্য রক্ষা, ক্যাম্পাসকে সবুজায়ন এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টায় হল প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্রদলের তরুণ নেতৃত্ব তারিফ ও জামশেদ। এতে হলের সাধারণ শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে শহীদুল্লাহ হলের বিভিন্ন স্থানে দেশীয় ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষা, ক্যাম্পাসকে সবুজ ও নান্দনিক করে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি সচেতনতা বৃদ্ধিই এ উদ্যোগের মূল লক্ষ্য।

কর্মসূচিতে মাল্টা, জলপাই, জাম, কাঁঠাল, নিম, বহেরা, হরিতকি, বকুল, বাদামলাটি, কদম ও গামারিসহ বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়। ফলদ বৃক্ষের পাশাপাশি দেশীয় বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে হলের পরিবেশকে আরও সবুজ ও জীববৈচিত্র্যসমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়।

কর্মসূচি প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্রদলের তরুণ নেতৃত্ব তারিফ বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবুজ-শ্যামল ও পরিবেশবান্ধব ক্যাম্পাস বিনির্মাণে কাজ করে যাবে।”

তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ শিক্ষার্থীদের মানসিক প্রশান্তির পাশাপাশি তাদের সুস্থ ও ইতিবাচক বিকাশেও ভূমিকা রাখে। তাই বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের শিক্ষার্থী জামশেদ  বলেন, "ইদানীং আমাদের শহিদুল্লাহ্ হলে  কিংবা কার্জন সাইডে কেন জানি একটু উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। ভাবলাম, বৃক্ষরোপণ করি, তাহলে অন্তত পরিবেশটা কিছুটা হলেও শান্তি পাবে, স্বস্তি পাবে। আজ না হোক, কাল চেষ্টা তো করলাম! আপনারাও পরিবেশ রক্ষায় এগিয়ে আসুন। "

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও ক্যাম্পাস এলাকায় নিয়মিত বৃক্ষরোপণ করা হলে পরিবেশের ভারসাম্য বজায় রাখার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় আরও সবুজ ও নান্দনিক হয়ে উঠবে। শিক্ষার্থীদের সরাসরি সম্পৃক্ত করে এ ধরনের কর্মসূচি পরিবেশের প্রতি তাদের দায়িত্ববোধও বাড়াবে।

আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, শুধু বৃক্ষরোপণের মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ রাখা হবে না; রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও করা হবে। শহীদুল্লাহ হলকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তুলতে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে বিভিন্ন পরিবেশবান্ধব কর্মসূচি গ্রহণ করা হবে।

Link copied!