প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ১১:৩২ পিএম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি এবং পরিবারের পুষ্টি ও আয় বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার ৮১৫টি আমগাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘাটিয়ালটারী গ্রামে ফলজ গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদয়াঙ্কুর সেবা সংস্থা ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত গার্লস সাপোর্টার প্রজেক্টের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রজেক্ট অফিসার মো. নুরুন্নবী এবং স্পন্সরশিপ সহকারী শিমু আক্তারসহ সংশ্লিষ্টরা।
আয়োজকরা জানান, উপজেলার বড়ভিটা, শিমুলবাড়ী ও ফুলবাড়ী ইউনিয়নের অধিকারভোগীদের মধ্যে এসব আমগাছের চারা বিতরণ করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি বাড়ির আঙিনা ও আশপাশে ফলজ গাছের সংখ্যা বাড়ানো, পরিবারের পুষ্টি নিশ্চিত করা এবং ভবিষ্যতে পারিবারিক আয় বৃদ্ধির সুযোগ তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
চারা পেয়ে অধিকারভোগীরা দাতা সংস্থা ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বাড়ির আঙিনা ও আশপাশে এসব চারা রোপণ করে নিয়মিত পরিচর্যার মাধ্যমে গাছগুলো বড় করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজকরা বলেন, শুধু চারা বিতরণ করলেই পরিবেশবান্ধব উদ্যোগের সুফল পাওয়া সম্ভব নয়। গাছগুলো যথাযথভাবে রোপণ, পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে বড় করে তুলতে হবে। একই সঙ্গে সবুজ ও টেকসই পরিবেশ গড়ে তুলতে সমাজের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
